প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
২০২৫ সালে আফ্রিকা থেকে বিশ্বে মোট অপরিশোধিত তেল উৎপাদনের প্রায় ১০ শতাংশ এসেছে। মহাদেশটির দৈনিক উৎপাদন ছিল প্রায় ১ কোটি ব্যারেল।
বৈশ্বিক অবকাঠামোগত নিরাপত্তা এবং রাজনৈতিক অস্থিতিশীলতার মতো বিভিন্ন চ্যালেঞ্জ সত্ত্বেও, আফ্রিকা বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের একটি প্রধান রপ্তানিকারক অঞ্চল হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে। এই অঞ্চলে তেল উৎপাদন ও রপ্তানির একটি বড় অংশ নির্ভর করে কয়েকটি গুরুত্বপূর্ণ দেশের ওপর। এর মধ্যে নাইজেরিয়া, লিবিয়া, আলজেরিয়া এবং অ্যাঙ্গোলা উল্লেখযোগ্য।
তথ্য অনুযায়ী, নাইজেরিয়া ২০২৫ সালে প্রতিদিন গড়ে ১৫ থেকে ১৬ লাখ ব্যারেল তেল উৎপাদন করেছে। এর ফলে, নাইজেরিয়া আফ্রিকার শীর্ষ তেল উৎপাদক ও রপ্তানিকারক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া আফ্রিকান অপরিশোধিত তেলের ৫৫ শতাংশেরও বেশি এসেছে এই দেশ থেকে।
লিবিয়ার প্রমাণিত তেলের মজুদ আফ্রিকায় সর্বাধিক—প্রায় ৪৮ দশমিক ৪ বিলিয়ন ব্যারেল। দেশটি ২০২৫ সালে প্রতিদিন প্রায় ১২ থেকে ১৩ লাখ ৯০ হাজার ব্যারেল তেল উৎপাদন ও রপ্তানি করেছে।
অন্যদিকে, আলজেরিয়া দৈনিক প্রায় ১১ লাখ ৪০ হাজার ব্যারেল তেল উৎপাদন করেছে। অ্যাঙ্গোলা ধারাবাহিকভাবে প্রতিদিন ১০ লাখ ব্যারেলের বেশি উৎপাদন ও রপ্তানি বজায় রেখেছে।
তবে আফ্রিকার তেল খাতের একটি বড় বৈপরীত্য হলো—মহাদেশটি বিপুল পরিমাণ অপরিশোধিত তেল রপ্তানি করলেও, পরিশোধিত জ্বালানির ক্ষেত্রে ঐতিহাসিকভাবে আমদানিনির্ভর। স্থানীয় পরিশোধন সক্ষমতার ঘাটতি এর অন্যতম কারণ। তবে পরিস্থিতি ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে।
দৈনিক ৬ লাখ ৫০ হাজার ব্যারেল সক্ষমতার দাঙ্গোতে শোধনাগারে পুরো দমে কার্যক্রম চালু করেছে নাইজেরিয়া। এই ধরনের বড় অবকাঠামো চালু হওয়ার ফলে আফ্রিকার পরিশোধিত জ্বালানির আমদানিনির্ভরতা কমার সম্ভাবনা তৈরি হয়েছে।
প্রসঙ্গত, ২০২৫ সালের বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশের তালিকায় শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। ওপেকের ২০২৬ সালের বার্ষিক পরিসংখ্যান বুলেটিনের তথ্য অনুযায়ী, দেশটি দৈনিক ১ কোটি ৭ লাখ ব্যারেল তেল রপ্তানি করেছে। দ্বিতীয় অবস্থানে থাকা সৌদি আরব রপ্তানি করেছে দৈনিক ৭৯ লাখ ব্যারেল। দুই দেশ মিলে বৈশ্বিক তেল রপ্তানির প্রায় এক-চতুর্থাংশ সরবরাহ করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন