প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার ১২ নং রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দলীয় সমর্থন প্রত্যাশা করছেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. নিজাম উদ্দিন। এলাকার উন্নয়ন, জনসেবা এবং জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে ইউনিয়নকে এগিয়ে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।
বুধবার (১১ নভেম্বর) রহমতপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে নিজ বাড়িতে স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় নিজাম উদ্দিন তার প্রত্যাশা ব্যক্ত করেন। সভায় তিনি নিজের রাজনৈতিক কর্মকাণ্ড, আন্দোলন-সংগ্রামে ভূমিকা এবং সামাজিক ও মানবিক কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন।
মতবিনিময় সভায় নিজাম উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত রহমতপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত সরকারি হাজী এবি কলেজ ছাত্রদলের সংগঠক এবং ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত রহমতপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তী সময়ে ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত সন্দ্বীপ জাতীয়তাবাদী ফোরাম, আবুধাবির দপ্তর সম্পাদক এবং ২০১৩ সাল থেকে অদ্যাবধি সংগঠনটির সভাপতির দায়িত্ব পালন করছেন।
নিজাম উদ্দিন বলেন, গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে বিভিন্ন হয়রানি ও প্রতিকূলতার শিকার হয়ে দীর্ঘদিন সন্দ্বীপের বাইরে অবস্থান করতে হয়েছে তাঁকে।
তিনি আরও জানান, ওই সময়ে দলের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীদের আর্থিক সহযোগিতা, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় সহায়তা এবং কারাবন্দি নেতাকর্মীদের পরিবারের খোঁজখবর নেওয়াসহ সহযোগিতামূলক কার্যক্রম চালিয়ে গেছেন। চট্টগ্রামে অনুষ্ঠিত বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামেও সরাসরি অংশগ্রহণ করেছেন।
রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও মানবিক কার্যক্রমেও সম্পৃক্ত রয়েছেন বলে জানান নিজাম উদ্দিন। বর্তমানে তিনি স্বপ্নময় মানবকল্যাণ যুব সংগঠন, রহমতপুরের প্রধান উপদেষ্টা, পূর্ব রহমতপুর সমাজকল্যাণ সংগঠন, স্বপ্নের সন্দ্বীপ মানবতার সংগঠন, তালতলী বাজার যুব ও সামাজিক সংগঠন, হাজীপাড়া নবজাগরণ সংঘ এবং রহমতপুর ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংগঠনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
মতবিনিময় সভায় তিনি বলেন, রহমতপুর ইউনিয়নের মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে এলাকার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে চান। দলীয় সমর্থন পেলে জনগণের প্রত্যাশা পূরণে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করবেন।
তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে বিএনপির নেতাকর্মী, সমর্থক ও ইউনিয়নবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন