প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে নতুন করে হামলা চালানোর পরিকল্পনা স্থগিত করার বিষয়ে চিন্তা করছেন। যদিও ইসরায়েল যৌথ সামরিক অভিযানের জন্য চাপ প্রদান করছে, তবুও তিনি এ ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেননি। ওয়াশিংটনে নতুন হামলা চালানোর বিষয়ে মতবিরোধ বিদ্যমান। এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা পুনরায় শুরু করার চেষ্টা করছেন মধ্যস্থতাকারীরা।
ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট রবিবার মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ইরানে সম্ভাব্য হামলা অন্তত এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। যদি আলোচনা ব্যর্থ হয়, তাহলে ট্রাম্প নতুন হামলার অনুমতি দেওয়ার আগে নতুন বছর পর্যন্ত অপেক্ষা করতে পারেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের ওপর চাপ দিচ্ছেন, যাতে ইরানে দ্রুত বড় ধরনের সামরিক অভিযান পরিচালনা করা হয়। তার বিশ্বাস, এমন অভিযান ইরান সরকারের দুর্বলতা সৃষ্টি করতে পারে এবং এমনকি সরকারের পতন ঘটাতে পারে।
তবে ট্রাম্পের উপদেষ্টাদের মধ্যে নতুন হামলা চালানোর বিষয়ে মতবিরোধ রয়েছে। তারা একমত নন যে সামরিক অভিযান চালিয়ে ইরান সরকারের পতন ঘটানো সম্ভব হবে কিনা। কিছু উপদেষ্টা মনে করছেন, সামরিক হামলার পরিবর্তে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ চালিয়ে যাওয়াই যুক্তরাষ্ট্রের জন্য অধিক কার্যকর হবে।
এদিকে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ড (সেন্টকম) সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। ইসরায়েলের সঙ্গে যৌথ হামলার পক্ষে তারা রয়েছে। রবিবার ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম আই২৪নিউজ।
এক মার্কিন কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, সেন্টকম অনির্দিষ্টকাল সতর্ক অবস্থায় থাকার পরিবর্তে হামলা চালানো অথবা সতর্কতা তুলে নেওয়ার মধ্যে একটি সিদ্ধান্ত নিতে চায়। অন্যদিকে, এক ইসরায়েলি কর্মকর্তা বর্তমান পরিস্থিতিকে ‘উদ্বেগ নিয়ে অপেক্ষা করার’ মতো বলে বর্ণনা করেছেন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক ও কূটনৈতিক অচলাবস্থা কাটানোর চেষ্টা করছে ইরান। এর মধ্যেই দেশটির প্রধান তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপের কাছে ১৪টির বেশি তেলবাহী জাহাজ জড়ো হয়েছে বলে খবর পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, এসব জাহাজ যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ভেঙে যাওয়ার চেষ্টা করতে পারে। উপগ্রহের ছবি ও জাহাজ চলাচলের তথ্য বিশ্লেষণ করে এ খবর পাওয়া গেছে। তবে স্বাধীনভাবে এসব তথ্য যাচাই করা সম্ভব হয়নি। জাহাজগুলো সত্যিই অবরোধ ভেঙে যাওয়ার চেষ্টা করবে কি না, তা-ও নিশ্চিত নয়।
রবিবার যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ভেঙে ইরানের জাহাজ বেরিয়ে যাওয়ার সম্ভাবনা নিয়ে জানতে চাইলে ফক্স নিউজকে ট্রাম্প বলেন, ‘আমি আশা করি, তারা এমন চেষ্টা করবে। তাহলে তাদের নৌবাহিনীর বাকি জাহাজগুলোর মতো সেগুলোও সমুদ্রের তলদেশে চলে যাবে।’
যুক্তরাষ্ট্র ও ইরানকে আবার আলোচনার টেবিলে ফেরাতে কাজ করছে মিসর। এ উদ্যোগে কাতার, তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানও যুক্ত রয়েছে। রবিবার মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি এ তথ্য জানান। সিএনএনকে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, আলোচনার সুযোগ রয়েছে। একটি চুক্তিতে পৌঁছানো এবং সমঝোতায় আসাও সম্ভব।’ ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদিও রবিবার বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে। কূটনৈতিক উদ্যোগের সুযোগ এখনো রয়েছে।
একই দিন মন্ত্রিসভার বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ‘কূটনীতির পথ এখনো খোলা রয়েছে।’ রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বাড়িয়েছে।
তিনি লেখেন, ‘গত এক সপ্তাহে ইরান এক বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে। চিন্তার কিছু নেই। সবগুলোই ভূপাতিত করা হয়েছে এবং কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’ এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের পরবর্তী স্পিকার হতে যাওয়া হাকিম জেফরিস বলেছেন, জানুয়ারিতে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নেওয়ার পর ডেমোক্র্যাটরা এই সংঘাত বন্ধের চেষ্টা করবেন। রবিবার সিবিএস নিউজকে জেফরিস বলেন, ‘ইরানে এই বেপরোয়া ও ব্যয়বহুল যুদ্ধ বন্ধ করতে হবে। এই যুদ্ধের কারণে গ্যাস, খাদ্য ও ডিজেলের দাম আকাশচুম্বী হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন