প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউছিয়া এলাকায় আসামি গ্রেপ্তার অভিযানে গিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগের তিন সদস্য মারধর হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
পুলিশের অভিযোগ অনুযায়ী, পরে আহত তিনজনকে আড়াইহাজার উপজেলার উচিতপুরা ইউনিয়নের শান্তিনগর বাজারে নিয়ে গিয়ে আবারও মারধর করা হয়েছে।
গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে উপপরিদর্শক (এসআই) মামুন মাতুব্বরের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, গত বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল তিনটার দিকে ঢাকা ডিবি দক্ষিণ বিভাগের চার সদস্যের একটি দল রূপগঞ্জের গাউছিয়া এলাকায় একটি মামলার আসামিকে গ্রেপ্তারের জন্য যায়। এ সময়, আসামিপক্ষের লোকজন জড়ো হয়ে তাদের ওপর হামলা চালানোর ঘটনা ঘটে।
একপর্যায়ে তিন পুলিশ সদস্যকে মারধর করে একটি পিকআপে তুলে আড়াইহাজার উপজেলার উচিতপুরা ইউনিয়নের শান্তিনগর বাজারে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাদের উপর আবারও মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।
খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত তিন সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের মধ্যে রয়েছেন এসআই মামুন মাতুব্বর, সহকারী উপপরিদর্শক (এএসআই) আমান উল্লাহ এবং কনস্টেবল কবির আহম্মেদ।
পুলিশ জানায়, ডিবির আরেক সদস্য কনস্টেবল আকাশ আহমেদ হামলার সময় পাশের একটি ওয়াশরুমে থাকায় তিনি হামলার শিকার হননি। পরে তিনি তাদের ব্যবহৃত মাইক্রোবাস নিয়ে আড়াইহাজার থানায় এসে ঘটনার বিষয়ে পুলিশকে অবহিত করেন।
আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন জানিয়েছেন, আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে ঢাকায় প্রেরণ করা হয়েছে। আরও জানা গেছে, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা নিয়ে তদন্ত চলছে। পরে বিস্তারিত জানানো হবে।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানিয়েছেন, ঢাকা জেলা ডিবির কয়েকজন কর্মকর্তা রূপগঞ্জের ভুলতা এলাকায় এসেছিলেন। তারা সাদা পোশাকে ছিল, ইউনিফর্ম না থাকায় জনরোষের শিকার হয়েছেন। পরে সোনারগাঁ থানা ও আড়াইহাজার থানা পুলিশ তাদের উদ্ধার করে। বর্তমানে তাদের আড়াইহাজার থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে ঢাকা জেলা ডিবি পুলিশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন