প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সড়ক দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে জনসচেতনতা সৃষ্টি ও ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে মানুষকে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে পটুয়াখালীর গলাচিপায় সচেতনতামূলক পোস্টার প্রদর্শন কর্মসূচি আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ।
মঙ্গলবার বিকেলে গলাচিপা উপজেলা পরিষদের কাছে সড়কে বসুন্ধরা শুভসংঘের গলাচিপা উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন বেইজবিল্ড ডিজিটাল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা।
বসুন্ধরা শুভসংঘ গলাচিপা উপজেলা শাখার আহ্বায়ক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সদস্যসচিব মো. তরিকুল ইসলাম মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ পটুয়াখালী জেলা সমন্বয়ক ও দৈনিক কালের কণ্ঠ-এর গলাচিপা প্রতিনিধি সাইমুন রহমান এলিট।
এ সময় উপস্থিত ছিলেন বেইজবিল্ড ডিজিটাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেদোয়ান করিম তালাল, পরিচালক ইঞ্জিনিয়ার কাওসার নাইম রেজা শুভ্র, দৈনিক যায়যায়দিনের গলাচিপা উপজেলা প্রতিনিধি মো. রিয়াদ হোসেন, একাত্তর টিভির দশমিনা উপজেলা প্রতিনিধি ইশান মাহমুদ শাহিন, দৈনিক গণদাবীর গলাচিপা প্রতিনিধি মো. সুমন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রবীর নন্দী, তরুণ দেবনাথ, মো. আফ্রিদীসহ শুভসংঘের সদস্য ও স্থানীয়রা।
কর্মসূচিতে সড়ক দুর্ঘটনার বিভিন্ন কারণ, দুর্ঘটনা প্রতিরোধে করণীয় এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে নাগরিকদের দায়িত্ব তুলে ধরে বিভিন্ন সচেতনতামূলক পোস্টার প্রদর্শন করা হয়। পাশাপাশি পথচারী, চালক ও শিক্ষার্থীদের ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত স্থানে রাস্তা পারাপার এবং নিরাপদে চলাচলের বিষয়ে সচেতন করা হয়।
বিশেষ অতিথির বক্তব্যে সাইমুন রহমান এলিট বলেন, “সড়কে একমুহূর্তের বেপরোয়া সিদ্ধান্ত কেড়ে নিতে পারে একটি পুরো জীবন। তাই ট্রাফিক আইন মানুন—কারণ আইন মানা মানেই জীবন বাঁচানো।”
তিনি আরও বলেন, “গতি নিয়ন্ত্রণ করুন, হেলমেট পরুন, ট্রাফিক সিগন্যাল মেনে চলুন এবং ওভারটেকিংয়ের সময় সতর্ক থাকুন। সচেতন চালকই পারেন নিরাপদ সড়ক নিশ্চিত করতে। দ্রুত নয়, নিরাপদে পৌঁছানোই হোক আমাদের লক্ষ্য। আমাদের অসচেতনতার মূল্য যেন অন্য কাউকে জীবন দিয়ে দিতে না হয়।”
বসুন্ধরা শুভসংঘ গলাচিপা উপজেলা শাখার আহ্বায়ক মো. মিজানুর রহমান বলেন, “সড়ক দুর্ঘটনার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে অতিরিক্ত গতি, বেপরোয়া গাড়ি চালানো, ট্রাফিক আইন অমান্য করা, চালকের অসতর্কতা, ত্রুটিপূর্ণ যানবাহন এবং অনিরাপদ সড়কব্যবস্থা। অনেক ক্ষেত্রে পথচারীদের অসাবধানতাও দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়।”
তিনি আরো বলেন, “দুর্ঘটনা কমাতে ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা বজায় রাখা, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করা, নিয়মিত যানবাহন পরীক্ষা করা এবং পথচারীদের নিরাপদ স্থানে রাস্তা পারাপারের অভ্যাস গড়ে তোলা জরুরি। সবার সচেতনতা এবং আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব।”
বসুন্ধরা শুভসংঘ গলাচিপা উপজেলা শাখার সদস্যসচিব মো. তরিকুল ইসলাম মুন্না বলেন, “বসুন্ধরা শুভসংঘ দীর্ঘদিন ধরে জনসেবামূলক ও সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় মানুষের মধ্যে সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা তৈরির জন্য আজকের এই পোস্টার প্রদর্শন কর্মসূচি। আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হলে সড়কে দুর্ঘটনা ও প্রাণহানি অনেকটাই কমিয়ে আনা সম্ভব।”
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা সড়ক নিরাপত্তা বিষয়ে বিভিন্ন বার্তাসংবলিত পোস্টার প্রদর্শনের পাশাপাশি নিরাপদ সড়ক নিশ্চিত করতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন