প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৬: ইকুয়েডরের রাজধানী কুইটোর বনাঞ্চলে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণের লক্ষ্যে শুক্রবার অগ্নিনির্বাপণকর্মীরা অভিযান পরিচালনা করেছেন। শহর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, আগুনের কারণে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বেশ কিছু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, আগুনের লেলিহান শিখায় গাছপালা জ্বলছে এবং ঘন ধোঁয়ার কুণ্ডলী রাতের আকাশে ছড়িয়ে পড়ছে। এ সময় জরুরি সেবার যানবাহনের আলোও দৃশ্যমান ছিল।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
শহর কর্তৃপক্ষ জানায়, বৃষ্টির অভাবে শুষ্ক হয়ে যাওয়া গাছপালা এবং প্রবল বাতাসের কারণে উত্তর কুইটোর কাসিতাগুয়া পাহাড়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ৪৮ জনকে এলাকা থেকে নিরাপদ স্থানে সরানো হয়েছে।
কুইটো দমকল বিভাগ জানায়, বৃহস্পতিবারের মধ্যে নয়টি দাবানলের ঘটনা ঘটেছে। এর মধ্যে সাতটি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
দমকল বিভাগ এক বিবৃতিতে উল্লেখ করেছে, ‘আগুন নিয়ন্ত্রণে আনতে আমরা আকাশ ও স্থলপথে কাজ করছি, যাতে ক্ষয়ক্ষতি বা আশপাশের বাড়িঘরে আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি কমানো যায়।’
দমকল বিভাগের কর্মকর্তা জেফারসন মেরা জানিয়েছেন, আগুন নেভাতে গিয়ে জরুরি সেবাকর্মীদের দুর্গম পাহাড়ি ভূখণ্ডের সঙ্গে লড়াই করতে হচ্ছে।
তিনি সাংবাদিকদের বলেন, ‘কিছু আগুন নিয়ন্ত্রণে আনা খুবই কঠিন, কারণ সেখানে পৌঁছানো অত্যন্ত কঠিন।’
কাসিতাগুয়া পাহাড় থেকে ওঠা আগুনের শিখা পুরো শহর থেকেই দৃশ্যমান ছিল। চলতি সপ্তাহে শহরের কেন্দ্রীয় এলাকায় আরেকটি দাবানল ছড়িয়ে পড়ায় কুইটো আগে থেকেই সতর্ক অবস্থায় ছিল।
কুইটোর নিরাপত্তাপ্রধান ক্যারোলিনা আন্দ্রাদে বলেন, ‘এই আগুন রাজধানীর গাছপালার ওপর ‘অত্যন্ত গুরুতর ও ভয়াবহ প্রভাব’ ফেলেছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের ধারণা, ইতোমধ্যে প্রায় ২০০ হেক্টর এলাকা ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে।’
তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আশপাশের বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হওয়ার খবর নেই।
শহর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত কুইটোতে প্রায় ২০০টি দাবানলের ঘটনা ঘটেছে। এতে রাজধানীর প্রায় ১,২০০ হেক্টর বনভূমি ধ্বংস হয়েছে।
দাবানল সৃষ্টির অভিযোগে চারজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
২০২৪ সালেও কুইটো কয়েক দশকের মধ্যে অন্যতম ভয়াবহ দাবানলের সম্মুখীন হয়েছিল। ওই সময় ইচ্ছাকৃতভাবে আগুন লাগানোর ঘটনায় ছয়জন আহত হন এবং বেশ কয়েকটি বাড়ি ধ্বংস হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন