প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পটুয়াখালীর বাউফলে লোহালিয়া নদীর ওপর নবম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীকে সশরীরে উপস্থিত হয়ে দক্ষিণাঞ্চলের জনগণের সম্মান জানানোর উদ্দেশ্যে আমন্ত্রণ জানিয়েছেন সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে তিনি এই আমন্ত্রণটি স্পিকারের মাধ্যমে জানান।
বক্তব্যের শুরুতেই ড. শফিকুল ইসলাম মাসুদ লোহালিয়া নদীর ওপর নবম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর নির্মাণের অগ্রগতি এবং সার্বিক বিষয় সম্পর্কে সড়ক যোগাযোগ মন্ত্রীর দেওয়া জবাবের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি উল্লেখ করেন, এই গুরুত্বপূর্ণ সেতুটির উদ্বোধন আগামী ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির শুরুতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সময়, সেতুটির উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীকে বাউফলে আসার অনুরোধও করেন তিনি।
এছাড়া, দক্ষিণাঞ্চলের নৌপথের বর্তমান সংকটের চিত্রও সংসদে তুলে ধরেন সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণের পর বরিশাল, ভোলা ও পটুয়াখালী অঞ্চলে নৌ-চলাচলভিত্তিক পর্যটন শিল্পের একটি নতুন ও গুরুত্বপূর্ণ অধ্যায় সৃষ্টি হয়েছে। নদী শুধুমাত্র চলাচলের মাধ্যম নয়; বরং কৃষি, মৎস্য, সেচ, বন্যা নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা নিরসন ও সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের সাথে সরাসরি সম্পর্কিত।
তবে, নাব্যতা সংকট এবং শীত মৌসুমে কুয়াশার কারণে দক্ষিণাঞ্চলের লঞ্চ শিল্প প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে এবং এই শিল্পটি ধ্বংসের পথে রয়েছে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেন ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি জানান, পটুয়াখালী, বাউফল ও ভোলা থেকে ছেড়ে আসা লঞ্চগুলো নাব্যতা সংকটের কারণে প্রায়ই ডুবোচরে আটকা পড়ে এবং গন্তব্যে পৌঁছাতে সকাল আটটা থেকে দশটা পর্যন্ত সময় লেগে যায়।
বক্তব্যের শেষে, বরিশাল, ভোলা ও পটুয়াখালীসহ সারা দেশের নৌপথের নাব্যতা সংকট নিরসন এবং নৌ-চলাচলকে সহজ ও সচল রাখতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কী কী উদ্যোগ গ্রহণ করছে, তা জানতে চান সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন