প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল এবং তার মেয়েকে হত্যার হুমকি দিয়ে ৭ কোটি রুপি চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে। অভিযোগ করা হয়েছে যে, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম ব্যবহার করে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি এই হুমকি প্রদান করেছেন। এএপির এক বিধায়ক এই বিষয়ে অভিযোগ করেছেন।
এই ঘটনার ফলে কেজরিওয়াল এবং তার পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এএপি বিধায়ক জারনাইল সিং মোহালি পুলিশের কাছে এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ফোন করে ৭ কোটি টাকা দাবি করেন। ওই ব্যক্তি দাবি করেন, দাবি পূরণ না হলে অরবিন্দ কেজরিওয়াল ও তার মেয়েকে হত্যা করা হবে। পুলিশ অভিযোগের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। হুমকির পেছনে কারা রয়েছে এবং লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
৬ নভেম্বর দায়ের করা পুলিশি অভিযোগে দিল্লির তিলক নগরের বিধায়ক জারনাইল সিং জানান, তিনি ‘এইচ’ অক্ষর দিয়ে শেষ হওয়া একটি মোবাইল নম্বর থেকে হুমকিমূলক ফোনকল ও হোয়াটসঅ্যাপ বার্তা পেয়েছেন। অভিযোগে বলা হয়েছে, ফোনকারী নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য হিসেবে পরিচয় দেন। তিনি বিধায়ককে ৭ কোটি টাকা চাঁদা দাবির বিষয়টি অরবিন্দ কেজরিওয়ালকে জানাতে বলেন এবং একই সঙ্গে হুমকি দেন, দাবি করা টাকা না দিলে কেজরিওয়াল ও তার মেয়ে হর্ষিতা কেজরিওয়ালকে হত্যা করা হবে। পরবর্তীতে বিধায়কের ব্যক্তিগত মোবাইল নম্বরে পাঠানো একটি হোয়াটসঅ্যাপ বার্তাতেও একই হুমকি দেওয়া হয়েছে।
অভিযোগে ঘটনাটিকে চাঁদাবাজির চেষ্টা, অপরাধমূলক ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে আরো বলা হয়েছে, ফোনকারী ইচ্ছাকৃতভাবে বিধায়ককে মাধ্যম হিসেবে ব্যবহার করে আম আদমি পার্টির (আপ) নেতার কাছে চাঁদার দাবি ও হুমকির বার্তা পৌঁছে দিয়েছেন।
বিধায়ক সিং মোহালি পুলিশকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি অজ্ঞাতপরিচয় ফোনকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের এবং এই ঘটনার সঙ্গে অপরাধী চক্রের অন্য সদস্যদের সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্তের দাবি জানিয়েছেন।
তিনি বিশেষভাবে হুমকি দেওয়া ও হোয়াটসঅ্যাপ বার্তা পাঠানোর কাজে ব্যবহৃত মোবাইল নম্বরটির কল ডিটেইল রেকর্ড (সিডিআর), আইপি লগ এবং অবস্থানসংক্রান্ত তথ্য পরীক্ষা করার অনুরোধ করেছেন। পাশাপাশি অভিযুক্তকে শনাক্ত করে গ্রেপ্তার এবং কথিত চাঁদাবাজির চেষ্টায় জড়িত অন্য সহযোগীদেরও খুঁজে বের করতে পুলিশকে আহ্বান জানিয়েছেন।
কেজরিওয়াল ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকির বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।
এছাড়া হুমকি দিয়ে পাঠানো হোয়াটসঅ্যাপ বার্তার একটি স্ক্রিনশট প্রমাণ হিসেবে পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে। স্ক্রিনশটটিতে বার্তা পাঠানোর সময় এবং প্রেরকের বিবরণও রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন