প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের ফারাক্কা বাঁধের নেতিবাচক প্রভাব বাংলাদেশের নদনদীগুলোর ওপর পড়ছে। এর ফলে, শুষ্ক মৌসুমের আগেই পদ্মা-যমুনা নদী শুকিয়ে যাচ্ছে। দেখা দিয়েছে নাব্যতা সংকট। আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি সার্ভিস ব্যাহত হচ্ছে। দৌলতদিয়া ঘাটের কাছে ড্রেজিংয়ের কারণে ৭ নম্বর ফেরিঘাটটি বন্ধ রয়েছে বেশ কিছুদিন ধরে। ড্রেজিং খাতে কোটি কোটি টাকা ব্যয় করেও নৌপথ সচল রাখা কঠিন হয়ে পড়েছে। ফেরিগুলো ঘুরপথে চলাচল করছে। এতে একদিকে ফেরির জ্বালানি খরচ বেড়েছে, অন্যদিকে সময়ও বেশি লাগছে। ফলে যানবাহন শ্রমিক ও ফেরিতে যাতায়াতকারী যাত্রীদের ভোগান্তি বেড়েছে।
বিআইডব্লিউটিএ’র ড্রেজিং বিভাগ সূত্রে জানা গেছে, এবারের পানি হ্রাসের পরিমাণ অন্যান্য বছরের তুলনায় ব্যতিক্রম। শুষ্ক মৌসুম আসার আগেই পদ্মা-যমুনায় পানি দ্রুতগতিতে হ্রাস পাচ্ছে। ফেরি সার্ভিস ঠিক রাখতে বর্ষা মৌসুম থেকেই আরিচা-কাজিরহাট-নগরবাড়ি-বাঘাবাড়ি পথে এবং আরিচা ঘাটের অদূরে গত ১৯ আগস্ট থেকে ৫টি ড্রেজার, কল্যাণপুর এলাকায় গত ২৫ সেপ্টেম্বর ২টি ড্রেজার, কৈটোলা এলাকায় গত ৪ অক্টোবর থেকে ১টি ড্রেজার এবং ২৩ অক্টোবর থেকে নগরবাড়ি এলাকায় ২টি ড্রেজার দিয়ে ড্রেজিং কাজ চলছে।
এছাড়া, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের দৌলতদিয়া ঘাটের কাছে গত ৬ অক্টোবর থেকে ৪টি ড্রেজার দিয়ে পদ্মা নদীতে ড্রেজিং শুরু হয়েছে। এসব নৌপথে নাব্যতা ঠিক রাখতে মোট ১৪টি ড্রেজার ড্রেজিং কাজে নিয়োজিত রয়েছে।
এবার শুরু থেকেই ২৯ অক্টোবর পর্যন্ত আরিচা-কাজিরহাট-নগরবাড়ি-বাঘাবাড়ি পর্যন্ত নৌপথের যমুনায় ১০ লাখ ঘনমিটার এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে দৌলতদিয়া এলাকায় পদ্মা নদীতে ১ লাখ ঘনমিটার পলিমাটি ড্রেজিং করে অপসারণ করা হয়েছে। এ বছর আরিচা-কাজিরহাট-নগরবাড়ি-বাঘাবাড়ি পর্যন্ত নৌপথে ৪০ লাখ এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ৮ লাখ ঘনমিটার বা তার অধিক ড্রেজিংয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পরিস্থিতির ওপর নির্ভর করে ড্রেজিংয়ের মাত্রা কমবেশি হতে পারে।
মঙ্গলবার সরজমিনে আরিচা-কাজিরহাট নৌরুট পরিদর্শন করা হলে দেখা যায়, আরিচা-কাজিরহাট নৌরুটের আরিচা ঘাটের অদূরে ৫টি ড্রেজার দিয়ে পলি অপসারণের কাজ চলছে। উক্ত নৌপথে স্পিডবোট ও লঞ্চ এবং ছোট নৌকা চলাচল করলেও ফেরিগুলো চলাচল করতে পারছে না। ফেরিগুলোকে ঘুরপথে চলাচল করতে হচ্ছে। এতে ফেরিতে নদী পারাপার হতে সময় বেশি লাগছে, অন্যদিকে ফেরির জ্বালানি খরচ বেড়েছে।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, আরিচা-কাজিরহাট নৌরুটে ৫টি ফেরি চলাচল করছে। আরিচা ঘাটের অদূরে চরের কারণে এসব ফেরিগুলোকে ৬ থেকে ৭ কিলোমিটার পথ ঘুরে চলাচল করতে হচ্ছে। এসব ফেরি দিয়ে প্রতিদিন ৩০টি ট্রিপ দেওয়া সম্ভব। কিন্তু ঘুরপথে ফেরি চলাচল করায় গতি আগের চেয়ে অনেক কমে গেছে। ফলে আগে যেখানে ট্রিপ হতো ২০-২৫টি, এখন সেখানে ট্রিপ হচ্ছে ১২-১৩টি। আরিচা ঘাটের অদূরে চরের কারণে ১৩ কিলোমিটার নৌরুটের দূরত্ব বেড়ে ২০ কিলোমিটারে দাঁড়িয়েছে। এতে ফেরি পারাপারে সময় বেশি লাগছে এবং জ্বালানি খরচও বেড়েছে, অথচ ভাড়া অপরিবর্তিত রয়েছে। পূর্বে সোজা চ্যানেলে আরিচা-কাজিরহাট নৌরুটে যাতায়াতে সময় লাগত সাড়ে ৩ থেকে ৪ ঘণ্টা, আর এখন সময় লাগছে সাড়ে ৪ থেকে ৫ ঘণ্টা। প্রতি ট্রিপে ৪০ থেকে ৪৫ লিটার জ্বালানি খরচ বেশি হচ্ছে।
স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম মন্তব্য করেন, অন্যান্য বছর শুধুমাত্র শুষ্ক মৌসুমে ড্রেজিং করতে দেখা যেত। কিন্তু এবারে আরিচা-কাজিরহাট নৌরুটে ভরা বর্ষা থেকেই ড্রেজিং করা হচ্ছে। তাও আবার ড্রেজিংকৃত মাটি নৌপথের মাঝেই ফেলতে দেখা যাচ্ছে। এটি কী ধরনের ড্রেজিং, তা আমাদের বোধগম্য হচ্ছে না। যে কারণে প্রায় ৩ মাসের বেশি সময় ধরে ৪টি ড্রেজার দিয়ে পলি অপসারণের কাজ করেও নৌপথটি ফেরি চলাচলের উপযোগী করা যাচ্ছে না। ফেরিগুলোকে ঘুরপথেই চলাচল করতে হচ্ছে।
আরিচা ঘাটের স্থানীয় ব্যবসায়ী মো. সালাউদ্দিন বলেন, নাব্যতা সংকটের কারণে এবার বর্ষা মৌসুম থেকেই আরিচা ঘাটের অদূরে ড্রেজিং চলছে। কিন্তু এখনও ফেরি চলাচলের উপযোগী করা সম্ভব হয়নি। প্রায় ৬ কিলোমিটার পথ ঘুরে ফেরি চলাচল করছে। এতে জ্বালানি খরচ ও সময় বেশি লাগছে।
বিআইডব্লিউটিসি’র আরিচা ঘাটের ম্যানেজার মো. আবু আব্দুল্লাহ জানান, আরিচা-কাজিরহাট নৌরুটে এবারে বর্ষা মৌসুম থেকেই ড্রেজিং কার্যক্রম শুরু হয়েছে। কিন্তু এখনও এ নৌপথটি সচল করা সম্ভব হয়নি। যে কারণে ফেরিগুলো ঘুরপথে চলাচল করছে। এতে সময় বেশি লাগছে এবং জ্বালানি খরচ বেড়েছে। সময় বেশি লাগায় যানবাহন এখান থেকে যেতে চায় না। ফলে গাড়ির সংখ্যা আগের চেয়ে অনেক কমে গেছে, যার ফলে ফেরির ট্রিপের সংখ্যাও অনেক কমে গেছে।
বিআইডব্লিউটিএ’র ড্রেজিং বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হাসান আহম্মেদ বলেন, এখনও ওই রকম নাব্যতা সংকট হয়নি। ভবিষ্যতে যাতে কোনো সমস্যা না হয়, সে জন্য আগে থেকেই ড্রেজিং করে চ্যানেল ঠিক রাখা হচ্ছে। স্থানীয় জনতার চাহিদার প্রেক্ষিতে আরিচা ঘাটের অদূরে আরিচা-কাজিরহাট নৌরুটে ড্রেজিং কার্যক্রম চলছে। এতে নৌপথের দূরত্ব কমবে এবং সময় বাঁচবে ও জ্বালানি খরচও কমে আসবে। হয়তো দু-একদিনের মধ্যে এ চ্যানেলটি সচল করা সম্ভব হবে বলেও তিনি জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন