প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজবাড়ী শহরের পান্না চত্বরসংলগ্ন পৌর ইউ মার্কেটের সামনে প্রকাশ্যে দিবালোকে আমির হোসেন লিটন নামে এক ব্যবসায়ী নেতাকে গুলি করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ লিটনকে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
লিটন রাজবাড়ী সদর উপজেলার বৃচাত্রা গ্রামের আবুল হোসেনের পুত্র। তিনি বাণীবহ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে কর্মরত আছেন।
লিটন জানিয়েছেন, রাজবাড়ী আদালতে একটি মামলায় হাজিরা দিয়ে সঙ্গী হাসুকে নিয়ে রিকশাযোগে কাপড় বাজারের দিকে যাচ্ছিলেন। পান্না চত্বর পার হয়ে ইউ মার্কেটের কাছে পৌঁছালে পেছন থেকে একটি অটোরিকশা তাদের রিকশার গতিরোধ করে। এ সময় অটোরিকশার ভেতর থেকে তার দিকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়া হয়। এর মধ্যে একটি গুলি তার ডান হাতে লাগে এবং অন্যটি লক্ষ্যভ্রষ্ট হয়।
ঘটনাস্থলের পাশে অবস্থিত এক দোকানদার নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, গুলি করে সন্ত্রাসী ইংলিশ মার্কেটের দিকে দৌড়ে পালিয়ে যায়।
আহত লিটনের সঙ্গী হাসু জানিয়েছেন, একটি গুলি তার পেট ঘেঁষে চলে গেছে।
রাজবাড়ী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস জানিয়েছেন, এক্স-রে করে দেখা গেছে, গুলিটি লিটনের হাতের মাংসপেশিতে আটকে রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সুমন মিয়া জানিয়েছেন, লিটনকে হত্যার উদ্দেশ্যে কেউ সন্ত্রাসী ভাড়া করেছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ‘অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের কয়েকটি দল মাঠে কাজ করছে। তিনি আরো বলেন, ‘যে চিহ্নিত সন্ত্রাসী তাকে গুলি করেছে, তার নাম আমরা পেয়েছি। তবে তদন্তের স্বার্থে এখনই তা প্রকাশ করা যাচ্ছে না।’
এমই
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন