প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাঙ্গামাটি, ১৩ নভেম্বর, ২০২৬ : বর্তমান সরকার তিন পার্বত্য জেলায় টেকসই শান্তি, নিরাপত্তা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে উন্নয়নকে মূলমন্ত্র হিসেবে গ্রহণ করেছে, এমন মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক এবং ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
আজ রাঙ্গামাটির চিং হ্লা মং মারী স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘সিলেট ও চট্টগ্রাম বিভাগীয় ট্যালেন্ট হান্ট ও ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি উল্লেখ করেন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের সকল মানুষের জন্য সমান সুযোগ সৃষ্টি করাই সরকারের প্রতিশ্রুতি। পাহাড়ের প্রতিটি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং পিছিয়ে পড়া প্রান্তিক জনগণের মূলধারায় অগ্রসর হওয়ার মাধ্যমে ধাপে ধাপে সামগ্রিক অগ্রগতি নিশ্চিত করা হচ্ছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘পিস থ্রু ডেভেলপমেন্ট’ (উন্নয়নের মাধ্যমে শান্তি), ‘সিকিউরিটি থ্রু ডেভেলপমেন্ট’ (উন্নয়নের মাধ্যমে নিরাপত্তা) এবং ‘হারমোনি থ্রু ডেভেলপমেন্ট’ (উন্নয়নের মাধ্যমে সম্প্রীতি) এই তিন দর্শনকে সামনে রেখে সরকার কাজ করছে।
তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন যে, একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের যে জাতীয় প্রত্যয় নেওয়া হয়েছে, পার্বত্য অঞ্চলের এই সম্প্রীতির জনপদগুলো এতে অগ্রণী ভূমিকা পালন করবে।
দেশের ক্রীড়াঙ্গন ও তরুণ প্রজন্মের সম্ভাবনা নিয়ে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের কিশোর ও যুবসমাজকে ক্রীড়াক্ষেত্রে যেভাবে অনুপ্রাণিত করছেন, তাতে অদূর ভবিষ্যতে বাংলাদেশের ছেলেমেয়েরা আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় সাফল্য অর্জন করবে। স্পেশাল অলিম্পিকসকে তিনি শুধুমাত্র একটি ক্রীড়া আয়োজন হিসেবে নয়, বরং সাম্য, সম্প্রীতি, আত্মবিশ্বাস ও সুপ্ত সম্ভাবনা বিকাশের একটি অনন্য প্ল্যাটফর্ম হিসেবে অভিহিত করেন। এ সময় তিনি আঞ্চলিক এই ক্রীড়া আয়োজনের সার্বিক সাফল্য কামনা করেন।
স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ, রাঙ্গামাটি সাব-চ্যাপ্টারের সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতায় সিলেট ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত প্রতিভাবান বিশেষ ক্রীড়াবিদরা অংশগ্রহণ করেন।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান এবং স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ রাঙ্গামাটি সাব-চ্যাপ্টারের সভাপতি দীপন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩০৫ পদাতিক ব্রিগেডের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতিয়াজ মাহমুদ, রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তারিক সেকান্দর এবং রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ, রাঙ্গামাটি সাব-চ্যাপ্টারের সাধারণ সম্পাদক সুবর্ণা চাকমা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন