প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদারীপুরের রাজৈরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক ও সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হিমেল আল ইমরানের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।
রাজৈর বাসস্ট্যান্ড থেকে বের হওয়া আনন্দ র্যালিটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার মোড়ে গিয়ে শেষ হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
র্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন হিমেল আল ইমরান। তিনি বলেন, রাজৈরে অনেকে বিএনপির পরিচয় দিলেও দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনে তাদের তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি। বিষয়টি তাকে কষ্ট দিয়েছে। তাই নেতাকর্মী ও কর্মী-সমর্থকদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি আয়োজনের কথা জানান তিনি।
বক্তব্যের একপর্যায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসির উদ্দিন পাটোয়ারীকে নিয়ে মন্তব্য করেন হিমেল আল ইমরান। তিনি বলেন, “নাসিরুদ্দিন পাটোয়ারীর নাম শুনলে একটু বাটপার বাটপার ভাব চলে আসে।” তার এ মন্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাইদুল আকন, রাজৈর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সোহেল মাতুব্বর ও যুগ্ম আহ্বায়ক আজিজুল, রাজৈর পৌর ছাত্রদলের সদস্যসচিব সোহাগ সরদার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন কাজী।
এ ছাড়া ছাত্রদল নেতা রিজবী আহমেদ সবুজ, মেহেদী হাসান অনিক, ছাব্বির বেপারীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজৈর উপজেলা জুড়ে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আনন্দ র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন