প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মৌলভীবাজারের
কমলগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য, ঐতিহ্যবাহী নৃত্য ও গীতের মাধ্যমে মণিপুরি সম্প্রদায়ের ১৮৪তম মহারাসলীলা উৎসব সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতভর রাসনৃত্য ও ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে বুধবার (২৫ নভেম্বর) ভোর ৫টায় উৎসবের সমাপ্তি ঘটে। এই উৎসবে দেশ-বিদেশের হাজারো ভক্ত, দর্শনার্থী ও পর্যটক সমাগম ঘটে।
উপজেলার মাধবপুর ইউনিয়নের শিববাজার জোড়া মণ্ডপ এবং আদমপুরের তেতইগাঁওয়ে পৃথকভাবে রাশ উৎসবের আয়োজন করা হয়। মণিপুরি বিষ্ণুপ্রিয়া সম্প্রদায়ের উদ্যোগে মাধবপুরে ১৮৪তম এবং মণিপুরি মৈতৈ সম্প্রদায়ের উদ্যোগে আদমপুরে ৪১তম রাশ উৎসব অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুরে গোষ্ঠলীলা বা রাখালনৃত্যের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। রাখালের বেশে শিশু-কিশোরেরা শ্রীকৃষ্ণের বাল্যলীলা নৃত্যাভিনয়ের মাধ্যমে তুলে ধরে।
সন্ধ্যায় আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাত ১১টার পর শুরু হয় উৎসবের মূল আকর্ষণ মহারাসনৃত্য। রাধা ও গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের প্রেমলীলা মণিপুরি তরুণীরা ঐতিহ্যবাহী পোশাক, মুকুট ও ঘুঙুরের ছন্দে নৃত্য-গীতের মাধ্যমে পরিবেশন করেন। মৃদঙ্গ, করতাল ও বাঁশির সুরে মণ্ডপ প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে।
মঙ্গলবার সন্ধ্যায় মাধবপুরের শিববাজার জোড়া মণ্ডপে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। গেস্ট অব অনার ও প্রধান পৃষ্ঠপোষক ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) বিজন কান্তি সরকার, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিলাহ ফারুকী, সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব দেবজিৎ সিংহ, মৌলভীবাজারের জেলাপ্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম এবং মণিপুরি সমাজকল্যাণ সমিতির কেন্দ্রীয় পরিষদের সভাপতি প্রতাপ চন্দ্র সিংহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের সভাপতি অ্যাডভোকেট চাঁদমুরারী সিংহ স্বপন। রাশ উৎসব উপলক্ষ্যে মাধবপুর ও আদমপুরে বসে গ্রামীণ মেলা। মণিপুরি তাঁতবস্ত্র, হস্তশিল্প, বাদ্যযন্ত্রসহ নানা পণ্যের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। দেশের বিভিন্ন জেলা ছাড়াও বিদেশি পর্যটকদের উপস্থিতিতে উৎসবস্থল হয়ে ওঠে মিলনমেলা। শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন করতে প্রশাসন, পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকদের নিরাপত্তার দায়িত্ব পালন করতে দেখা যায়।
আয়োজকদের সূত্রে জানা যায়, ১৮৪২ সালে কমলগঞ্জের মাধবপুরে মণিপুরি মহারাসলীলা উৎসবের সূচনা হয়। অষ্টাদশ শতাব্দীতে মণিপুরের মহারাজা ভাগ্যচন্দ্র রাসলীলার প্রবর্তন করেন। রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও ভাবকীর্তিনির্ভর এ নৃত্য মণিপুরি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। ১৯১৯ সালে সিলেটের একটি মণিপুরি পল্লিতে রাসনৃত্য দেখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মুগ্ধ হন। পরবর্তীতে তাঁর মাধ্যমে মণিপুরি নৃত্য বৃহত্তর পরিসরে পরিচিতি লাভ করে। দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এ উৎসব এখন মণিপুরি সম্প্রদায়ের গণ্ডি ছাড়িয়ে বাংলাদেশের অন্যতম সাংস্কৃতিক ঐতিহ্যে পরিণত হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন