প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সময়ের পরিবর্তনের সঙ্গে অনেক কিছু বদলে গেছে। তিন দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবে কিছু স্মৃতি কখনো পুরনো হয় না। ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা ওমর সানী বিয়ের দিনের সেই বিশেষ সময়ে ফিরে গেছেন, একটি স্মৃতির ছবি প্রকাশ করে। ছবিতে নববধূর সাজে দেখা যায় তার স্ত্রী ও অভিনেত্রী মৌসুমীকে। বিয়ের সাজে ধরা দিয়েছেন ওমর সানীও।
ওমর সানী সামাজিক যোগাযোগ মাধ্যমে তিন দশকের বেশি পুরনো ছবিটি প্রকাশ করেন। ছবির সঙ্গে তিনি উল্লেখ করেন, ‘বৌভাতের দিন। স্থান রাওয়া ক্লাব মাঠ, মহাখালী।’
ছবিটি প্রকাশের পরপরই নেটিজেনদের নজর কাড়ে তারকা দম্পতির পুরনো স্মৃতি। সেইসঙ্গে নতুন করে আলোচনায় আসে তাদের প্রেম ও বিয়ের গল্পও।
ওমর সানী ও মৌসুমীর প্রেমের শুরু নব্বইয়ের দশকে। ১৯৯৪ সালে ‘দোলা’ সিনেমায় একসঙ্গে অভিনয় করতে গিয়ে তাদের মধ্যে ভালো লাগা তৈরি হয়। যদিও এরও আগে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মহরত অনুষ্ঠানে তাদের প্রথম দেখা হয়েছিল বলে বিভিন্ন সময় জানিয়েছেন ওমর সানী।
একপর্যায়ে সেই ভালো লাগা গড়ায় ভালোবাসায়। এরপর ১৯৯৫ সালের ৪ মার্চ দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে গোপনে বিয়ে করেন তারা। সে সময় বিয়ের খবর প্রকাশ্যে আনেননি এই তারকা জুটি। অভিনয়জীবন চালিয়ে যাওয়ার পরিকল্পনা থেকেই বিষয়টি কিছুটা আড়ালে রেখেছিলেন তারা।
এরপর একই বছরের ২ আগস্ট ঘটা করে আয়োজন করা হয় তাদের বিবাহোত্তর সংবর্ধনার। রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাব মাঠে আয়োজিত সেই অনুষ্ঠান হয়ে ওঠে তাদের দাম্পত্যজীবনের অন্যতম স্মরণীয় অধ্যায়। দীর্ঘদিন ধরে এই দিনটিকেই বিবাহবার্ষিকী হিসেবে উদযাপন করে আসছেন ওমর সানী ও মৌসুমী।
এই তারকা দম্পতির সংসারে রয়েছে দুই সন্তান—ছেলে ফারদীন এহসান ও মেয়ে ফাইজা। তিন দশকের বেশি সময়ের সংসারজীবনে নানা সময়ে তাদের সম্পর্ক নিয়ে আলোচনা ও গুঞ্জন তৈরি হলেও একসঙ্গেই পথ চলেছেন ওমর সানী ও মৌসুমী। সম্পর্ক টিকিয়ে রাখতে বিশ্বাস ও ত্যাগকে গুরুত্বপূর্ণ মনে করেন ওমর সানী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন