প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মরক্কো ২০৩০ বিশ্বকাপের ফাইনাল আয়োজনের দাবি করেছে। দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি ফৌজি লেকজা জানিয়েছেন, বেনস্লিমান প্রদেশে হবে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচ, যা কাসাব্লাঙ্কার নিকটে অবস্থিত। তবে এ বিষয়ে ফিফার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।
লেকজা মরক্কোর বুজনিকায় এক রাজনৈতিক দলের অনুষ্ঠানে বলেন, "বেনস্লিমান প্রদেশ ২০৩০ বিশ্বকাপের ফাইনাল আয়োজনের সম্মান পাবে।" কাসাব্লাঙ্কা থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে অবস্থিত এই অঞ্চলে বর্তমানে হাসান-২ স্টেডিয়াম নির্মাণাধীন রয়েছে।
নির্মাণাধীন স্টেডিয়ামটির ব্যয় প্রায় ১০০ কোটি ডলার এবং এর দর্শক ধারণক্ষমতা প্রায় ১ লাখ ১৫ হাজার। নির্মাণ কাজ সম্পন্ন হলে এটি বিশ্বের অন্যতম বৃহত্তম ফুটবলভিত্তিক স্টেডিয়াম হবে।
যদিও মরক্কোর এই দাবির সঙ্গে ফিফার আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনো মেলেনি। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, ফাইনালের ভেন্যু নিয়ে সিদ্ধান্ত যথাসময়ে নেওয়া হবে।
মরক্কো ও স্পেনের মধ্যে ২০৩০ বিশ্বকাপের ফাইনাল আয়োজন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা চলছে। স্পেনের ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লোজানও পূর্বে জানিয়েছেন, ফাইনাল স্পেনেই অনুষ্ঠিত হওয়া উচিত।
২০৩০ বিশ্বকাপ একটি ভিন্নধর্মী আসর হবে। এটি প্রথমবারের মতো ছয়টি দেশে এবং তিনটি মহাদেশে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়েতে। এরপর মূল আয়োজন হবে মরক্কো, পর্তুগাল ও স্পেনে।
এদিকে, ফিফা গত আগস্টে এমন খবরকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ বলে উল্লেখ করেছিল যে, সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ২০৩০ বিশ্বকাপের ফাইনাল আয়োজনের প্রতিশ্রুতি মরক্কোকে দিয়েছেন। ফলে আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন