প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইংলিশ প্রিমিয়ার লিগের শক্তিশালী ক্লাব চেলসি ফুটবল ক্লাবে মার্কিন ধনকুবের টড বোয়েলির অধ্যায় শেষ হলো। সহ-মালিক মার্ক ওয়াল্টার এবং বোয়েলির শেয়ার কিনে নিয়ে ব্লুজদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখন প্রাইভেট ইকুইটি ফার্ম ‘ক্লিয়ারলেক ক্যাপিটাল’-এর হাতে। চেলসি ক্লাবের এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে এই মালিকানার পরিবর্তনের খবর নিশ্চিত করেছে।
টড বোয়েলি একইসঙ্গে চেলসির চেয়ারম্যানের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন। মালিকানায় বড় পরিবর্তন আসলেও ক্লাবের দৈনন্দিন পরিচালনা পর্ষদ এবং প্রশাসনিক কার্যক্রমে আপাতত কোনো পরিবর্তন আসবে না বলে জানানো হয়েছে। বোয়েলির শূন্য পদে নতুন চেয়ারম্যানের নাম খুব শিগগিরই ঘোষণা করবে ক্লাবটি। অন্য অংশীদার হানসজর্গ উইস ক্লাবের অংশীদার হিসেবে আগের মতোই থাকবেন।
বিদায়ী চেয়ারম্যান টড বোয়েলি বিদায়বেলায় আবেগঘন বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, “চেলসি ফুটবল ক্লাবের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করাটা আমার জন্য অত্যন্ত সম্মানের। ক্লাবের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে ইংলিশ প্রিমিয়ার লিগ, কোচ, খেলোয়াড়, কর্মকর্তা এবং কোটি ভক্তরা অনেক সাহায্য করেছেন। তাদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি।”
বোয়েলি ক্লিয়ারলেক ক্যাপিটালের সঙ্গে কাজের অভিজ্ঞতার কথা তুলে ধরে আরো বলেন, “ক্লিয়ারলেক এবং আমাদের পুরো ওনারশিপ গ্রুপের সঙ্গে পার্টনারশিপটা উপভোগ করেছি। ক্লাবের তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি সাফল্যের জন্য আমরা যেসব যৌথ সিদ্ধান্ত ও বিনিয়োগ করেছি, তা চেলসিকে এক মজবুত ভিত্তির ওপর দাঁড় করিয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ক্লিয়ারলেকের যোগ্য নেতৃত্বে চেলসি সামনে আরও বড় সাফল্য পাবে।”
উল্লেখ্য, ২০২২ সালের মে মাসে রোমান আব্রামোভিচের কাছ থেকে চেলসি কিনে নেওয়ার পর থেকেই যৌথভাবে দায়িত্ব সামলে আসছিলেন টড বোয়েলি এবং ক্লিয়ারলেক ক্যাপিটালের সহ-প্রতিষ্ঠাতা বেহদাদ এঘবালি। দীর্ঘদিনের এই যৌথ পথচলায় ইতি টেনে এবার চেলসিকে পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নতুন অধ্যায়ের সূচনা করল ক্লিয়ারলেক।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন