প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর রমজানপুরে ১৪ প্রহরব্যাপী (১৮তম) শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম যজ্ঞানুষ্ঠান ও মহাশীলা উৎসবে যোগ দিয়েছেন আসন্ন রমজানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শহিদুল ইসলাম হাওলাদার। ধর্মীয় এ আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান তিনি।
গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) উত্তর রমজানপুর সার্বজনীন শ্রীশ্রী মহাপ্রভু সেবাশ্রমের উদ্যোগে আয়োজিত এ ধর্মীয় উৎসবের শেষ দিনে তিনি উপস্থিত হন। এ সময় পুণ্যার্থী ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন।
এ সময় শহিদুল ইসলাম হাওলাদার বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। যুগ যুগ ধরে এ দেশের সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির মধ্য দিয়ে একসঙ্গে বসবাস করে আসছেন। এ ঐতিহ্য ও সম্প্রীতির বন্ধন অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরও বলেন, রমজানপুর ইউনিয়নের একজন সেবক হিসেবে সবসময় মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চান। এলাকার সার্বিক উন্নয়ন এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সহযোগিতা, দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেন তিনি।
উল্লেখ্য, দেশ, জাতি ও বিশ্বজননীর সকল সন্তানের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় এ ১৪ প্রহরব্যাপী হরিনাম যজ্ঞানুষ্ঠান ও মহাশীলা উৎসবের আয়োজন করা হয়। এতে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে উৎসবটি মিলনমেলায় পরিণত হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন