প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) অনুষ্ঠিত প্রযুক্তি প্রতিযোগিতা ও উৎসব ‘আরজেপি টেক ফেস্ট ২০২৬’-এ অংশগ্রহণ করেছে উত্তর বঙ্গের ৮০টি স্কুল ও ২০টি কলেজের ১ হাজারের বেশি শিক্ষার্থী। এই প্রযুক্তি উৎসবটি গত ২৬ আগস্ট রুয়েটে অনুষ্ঠিত হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নিবন্ধিত প্রযুক্তি প্ল্যাটফর্ম এবং রুয়েট, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী আইসিটি ক্লাব আরজেপি’র সহযোগিতায় দিনব্যাপী এই প্রযুক্তি উৎসবের আয়োজন করা হয়। এতে প্রোগ্রামিং প্রতিযোগিতা, আইসিটি অলিম্পিয়াড এবং প্রজেক্ট শোকেইসের আয়োজন করা হয়। পাশাপাশি প্রশ্নোত্তর পর্বও ছিল, যেখানে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছে মজার বিভিন্ন প্রশ্ন করে পুরস্কার অর্জন করে।
সমাপনী অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন মন্তব্য করেন, "ছোট বয়স থেকেই শিক্ষার্থীরা যেন সহজেই ইনোভেশনের সঙ্গে যুক্ত হতে পারে, এর জন্য নানা পদক্ষেপ নিচ্ছে সরকার। অর্থের জন্য কোনো উদ্ভাবন থেমে থাকবে না।"
সচিব রুয়েট ও আরজেপিকে বৃহৎ এই প্রযুক্তি উৎসব আয়োজনের জন্য ধন্যবাদ জানান।
উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেন, "শুধু প্রযুক্তি ব্যবহার করলে হবে না, প্রযুক্তির উদ্ভাবক হিসেবে বাংলাদেশকে পরিচয় করিয়ে দিতে হবে। এই স্বপ্ন বাস্তবায়নে কোমলমতি শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে। এই কাজে বিশ্ববিদ্যালয়ের সার্বিক সহযোগিতা সব সময় থাকবে।"
আরজিপি’র সভাপতি তারেক আবরার জানান, স্বেচ্ছাসেবী কাজের অংশ হিসেবে আরজেপি শিক্ষার্থীদের প্রযুক্তি ও প্রোগ্রামিং শেখাচ্ছে, যাতে এই শিক্ষার্থীরাও একদিন বড় হয়ে এই ক্রমধারা চালু রাখতে পারে। প্রত্যন্ত অঞ্চলসহ দেশের প্রতিটি আনাচে-কানাচে প্রযুক্তি শিক্ষাকে ছড়িয়ে দিয়ে সেখান থেকে মেধাবীদের বাছাই করে আনতে এবং বড় স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতা করতে আরজেপি বদ্ধপরিকর।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন