প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহীর গোদাগাড়ী উপজেলা ভূমি অফিসে নামজারি (খারিজ) করার জন্য ঘুষ দাবি করার অভিযোগ উঠেছে সহকারী কমিশনার (ভূমি) মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী এবং অফিসের হেড অ্যাসিস্ট্যান্ট মো. শাহিনুর রহমানের বিরুদ্ধে। এক সেবা গ্রহীতার অভিযোগ, চাহিদামতো ২০ হাজার টাকা না দেওয়ার কারণে তাঁর নামজারির আবেদন বাতিল করা হয়। পরে, একই কাগজপত্র ব্যবহার করে পুনরায় আবেদন করার পর ওই টাকা দেওয়ার পর মাত্র সাত দিনের মধ্যে নামজারি অনুমোদন দেওয়া হয়েছে।
এ ঘটনায় ১৯ নভেম্বর ভুক্তভোগী মো. ইবনে সাউদ জেলা প্রশাসক (ডিসি) রাজশাহীর কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য, হয়রানি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে তদন্ত এবং প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
অভিযোগপত্র ও সংযুক্ত নথি অনুযায়ী, ইবনে সাউদ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ৫৯ নম্বর ছলং মৌজার ৬৯ নম্বর আরএস খতিয়ানভুক্ত ১৯৮ নম্বর দাগে ০.০৮২৫ একর জমি গত ২৪ মে ২০২৬ তারিখে গোদাগাড়ী সাব-রেজিস্ট্রি অফিসের ৪০০৫ নম্বর কবলা দলিলে ক্রয় করেন। দলিলের সার্টিফাইড কপি সংগ্রহ করে নামজারির জন্য গত ১৩ আগস্ট অনলাইনে আবেদন করেন তিনি। ওই আবেদনের নম্বর ৯৬৩২৮৫৭।
অভিযোগে বলা হয়েছে, আবেদনটির প্রথম ধাপের আদেশ সম্পন্ন হওয়ার পর বাসুদেবপুর ইউনিয়ন ভূমি অফিস থেকে খতিয়ান প্রস্তুত করে গোদাগাড়ী উপজেলা ভূমি অফিসে পাঠানো হয়। এরপর উপজেলা ভূমি অফিসের হেড অ্যাসিস্ট্যান্ট মো. শাহিনুর রহমান আবেদনকারীকে ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর নামজারির আবেদনটি বাতিল করা হয় বলে অভিযোগ করেন ইবনে সাউদ।
পরবর্তীতে একই কাগজপত্র দিয়ে গত ৭ নভেম্বর অনলাইনে দ্বিতীয়বার নামজারির আবেদন করেন তিনি। যার আবেদন নম্বর ১০২৬৮০২৯। অভিযোগকারীর দাবি, এবার হেড অ্যাসিস্ট্যান্ট শাহিনুর রহমানকে ২০ হাজার টাকা দেওয়ার পর সংশ্লিষ্টদের সহযোগিতায় মাত্র সাত দিনের মধ্যে আবেদনটি অনুমোদন করা হয়। গত ১৩ নভেম্বর নামজারি অনুমোদনের মাধ্যমে তাঁর নামে খতিয়ান প্রস্তুত করা হয়। ওই নামজারি মামলার নম্বর ৮১২৬ (ওঢ-ও/২০২৬-২৭) এবং খতিয়ান পরিচিতি নম্বর ৫০৮১৩৪-২১১১২৬-১০০০৪০।
অভিযোগকারী দাবি করেছেন, গোদাগাড়ী উপজেলা ভূমি অফিসে হেড অ্যাসিস্ট্যান্ট শাহিনুর রহমানের মাধ্যমে অর্থ প্রদান না করলে নামজারি অনুমোদন পাওয়া কঠিন হয়ে পড়েছে। এতে ভূমিসেবা নিতে আসা সাধারণ মানুষকে হয়রানি ও ভোগান্তির শিকার হতে হচ্ছে। একই আবেদন ও কাগজপত্রে অর্থ প্রদান ছাড়া আবেদন বাতিল এবং অর্থ দেওয়ার পর দ্রুত অনুমোদনের ঘটনাটি ভূমি অফিসের সেবা কার্যক্রমের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে।
অভিযোগপত্রে আরও দাবি করা হয়েছে, সংশ্লিষ্ট সহকারী কমিশনার (ভূমি) ও হেড অ্যাসিস্ট্যান্ট যোগদানের পর অফিসটিতে অনিয়ম, দুর্নীতি ও সেবা গ্রহীতাদের হয়রানির মাত্রা বেড়েছে। এর আগে তাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এবং বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে বলে অভিযোগকারী উল্লেখ করেছেন। এসব অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
এ বিষয়ে অভিযুক্ত হেড অ্যাসিস্ট্যান্ট মো. শাহিনুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) মীর মেজবাহীজ্জুলাম চৌধুরীর বক্তব্য জানার জন্য একাধিকবার ফোন করা হলেও তাঁরা কল রিসিভ করেননি। গণমাধ্যমকর্মী পরিচয় দিয়ে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো ও কল করেও সাড়া পাওয়া যায়নি। ফলে তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। যোগাযোগের চেষ্টা ও বার্তার প্রমাণ প্রতিবেদকের কাছে সংরক্ষিত রয়েছে।
অভিযোগের সঙ্গে প্রথম নামজারির আবেদন, দ্বিতীয় আবেদন এবং অনুমোদিত খতিয়ানের অনুলিপি জেলা প্রশাসকের কাছে জমা দেওয়া হয়েছে। একই জমির একই কাগজপত্রে প্রথম আবেদন বাতিল এবং দ্বিতীয় আবেদন সাত দিনের মধ্যে অনুমোদনের পেছনে কোনো আর্থিক লেনদেন বা অনিয়ম হয়েছে কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন