প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশালের বানারীপাড়ায় জমিজমা নিয়ে বিরোধের কারণে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতের নাম সাব্বির মোর্শেদ শিশির মোল্লা (৪০)। তিনি বানারীপাড়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম মোরশেদ আলম দিলির মোল্লার ছোট ছেলে এবং উপজেলা যুবদলের সদস্য ছিলেন। পুলিশ নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
এর আগে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে বানারীপাড়া পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের মোল্লাবাড়িতে দুই ভাইয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ সময় উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল আলম বিপুল মোল্লা তার ছোট ভাই শিশির মোল্লাকে বেদম মারধর করেন। রাত ১২টার দিকে শিশির মোল্লাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে গিয়েও তাকে মারধর করেন জহিরুল আলম বিপুল। এরপর অবস্থার অবনতি হলে শিশির মোল্লাকে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত দেড়টার দিকে তার মৃত্যু ঘটে।
বানারীপাড়া থানার ওসি মো. মজিবুর রহমান জানিয়েছেন, দুই ভাইয়ের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ ছিল। বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে কয়েক দফা মারামারি হয়। অসুস্থ অবস্থায় শিশির মোল্লাকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানেও তার ওপর হামলা চালায় তার ভাই জহিরুল আলম বিপুল। এরপর শিশির মোল্লাকে গুরুতর অসুস্থ অবস্থায় শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু ঘটে। তিনি বলেন, শিশির মোল্লার স্বজনদের সঙ্গে আমাদের কথা চলছে। তারা অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযুক্ত জহিরুল আলম পলাতক রয়েছেন।
নিহত শিশির মোল্লার মামা শ্বশুর সামসুল আলম তার ভাগ্নি শিশিরের স্ত্রী সানিয়া সত্তার লিজার বরাত দিয়ে জানান, শিশিরের ভাই জহিরুল আলম বিপুল তার ওপরে হামলা করেছেন। ওই হামলায় আঘাতপ্রাপ্ত হয়ে তার মৃত্যু হয়েছে। এ ব্যাপারে তারা আইনগত ব্যবস্থা নিচ্ছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন