প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বগুড়ার সদর উপজেলার ফাঁপোড় পূর্বপাড়া এলাকায় মানসিক ভারসাম্যহীন এক নারীকে সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার ওই নারী দাবি করছেন, তিনি প্রায় ৩ মাসের অন্তঃসত্ত্বা।
এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় এলাকাবাসী দুজনকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে। বুধবার (২২ জুলাই) দুপুরে বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ধৃতদের মধ্যে অন্যতম হলেন বগুড়া সদর উপজেলার ফাঁপোড় ইউনিয়নের ফাঁপোড় পূর্বপাড়া গ্রামের আজিজুল সোনারের ছেলে আলমগীর হোসেন এবং মৃত আকবর আলীর ছেলে শহিদুল ইসলাম। এ ছাড়া এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় বগুড়া সরকারি আজিজুল হক কলেজের পিয়ন ও একই এলাকার মৃত লাল চান ফকিরের ছেলে মাহবুবুর রহমান পলাতক রয়েছেন।
স্থানীয় গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর স্বামী একটি মাদক মামলায় দীর্ঘদিন ধরে কারাগারে ছিলেন। এই সুযোগে অভিযুক্তরা একাধিকবার ভুক্তভোগীকে ধর্ষণ করেন। একপর্যায়ে ওই নারীর অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনা ঘটে। সম্প্রতি, ভুক্তভোগী নারীর স্বামী জামিনে মুক্তি পেয়ে বাড়িতে ফিরে আসেন।
স্ত্রীর শারীরিক পরিবর্তন দেখে বিষয়টি জানতে চাইলে, ভুক্তভোগী নারী নির্যাতনের বিস্তারিত বর্ণনা দেন। ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এক পর্যায়ে মঙ্গলবার (২১ জুলাই) রাত ১টার দিকে স্থানীয়রা অভিযুক্তদের মধ্যে দুজনকে আটক করে থানা পুলিশে সংবাদ দেন।
এ বিষয়ে বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম জানিয়েছেন, ঘটনায় জড়িত সন্দেহে তাৎক্ষণিকভাবে দুজনকে আটক করা হয়েছে। পলাতক অপর অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।
এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, অপরাধীদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। তবে ভুক্তভোগীরা যাতে স্থানীয় কোনো দালাল চক্রের খপ্পরে না পড়েন, সেই বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা মাত্রই দ্রুত পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন