প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ অসন্তোষ প্রকাশ করেছেন, কারণ সেখানে তিনি পাঁচ চিকিৎসককে কর্মস্থলে অনুপস্থিত পেয়েছেন। ফলস্বরূপ, অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) সকাল ৯টার দিকে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে যান। পরিদর্শনের সময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করে দেখেন এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি যাচাই করেন।
এখন হাসপাতালের কর্মরত ২৬ জন চিকিৎসকের মধ্যে পাঁচজনকে দায়িত্ব পালনরত না পেয়ে তিনি বিস্ময় ও অসন্তোষ প্রকাশ করেন।
নির্দিষ্ট সময়ে কর্মস্থলে অনুপস্থিত থাকা চিকিৎসকরা হলেন, মেডিক্যাল অফিসার ডা. সাইফুল ইসলাম শুভ, ডা. শামীম কাউছার, ডা. শিমুল রানী দত্ত, কনসালটেন্ট ডা. শরীফ উদ্দিন আহমেদ এবং মেডিসিন কনসালটেন্ট কাজী আয়শা সিদ্দিকা।
হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে তিনি চিকিৎসাসেবার মান, ওষুধ সরবরাহ এবং চিকিৎসকদের উপস্থিতি সম্পর্কে জানতে চান। রোগীদের নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করণের জন্য চিকিৎসকদের নিয়মিত কর্মস্থলে উপস্থিত থাকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ বিষয়ে কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশির আহমেদ বলেন, সরকারি নিয়ম অনুযায়ী চিকিৎসকদের নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত থাকা বাধ্যতামূলক। পরিদর্শনের সময় অনুপস্থিত থাকা পাঁচ চিকিৎসকের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তথা স্বাস্থ্য অধিদপ্তরকে জানানো হবে।
দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মহিবুস ছালাম জানান, অভিযুক্ত চিকিৎসকদের আগামী তিন কর্মদিবসের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে বিধি অনুযায়ী পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন