প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আমতলীতে যথাযথ মর্যাদার সঙ্গে জুলাই শহিদ দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে একটি আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমতলীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী। সভাপতির বক্তব্যে তিনি উল্লেখ করেন, জুলাই আন্দোলনে শহিদদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবময় অধ্যায়। তাঁদের আত্মদান কেবল একটি আন্দোলনের স্মৃতিচিহ্ন নয়, এটি ন্যায়, গণতন্ত্র, মানবিক মর্যাদা ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে এক অনন্য প্রেরণার উৎস।
তিনি আরও বলেন, শহিদদের আত্মত্যাগের প্রকৃত মূল্যায়ন করতে হলে তাঁদের আদর্শকে ধারণ করে দায়িত্বশীল, মানবিক এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলীর সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম, আমতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল মিয়া, বিআরডিবি কর্মকর্তা মো. ফিরোজ আলম, উপজেলা বন কর্মকর্তা মো. মনিরুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মঞ্জুরুল হক কাওসার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সফিকুল আলম এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সোহেল।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, জুলাই আন্দোলনের শহিদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরকালই স্মরণীয় হয়ে থাকবে। তাঁদের রক্তের বিনিময়ে অর্জিত চেতনা ও আদর্শকে সমুন্নত রাখতে সকলকেই নিজ নিজ অবস্থান থেকে সততা, ন্যায়পরায়ণতা ও দায়িত্বশীলতার সঙ্গে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।
একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের সঠিক ইতিহাস তুলে ধরে দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। আলোচনা সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, মানবাধিকার কর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভা শেষে উপজেলা পরিষদ জামে মসজিদে পেশ ইমাম মাওলানা আমীর হোসেন দেশ, জাতি এবং জুলাই আন্দোলনের সকল শহিদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
এই সময়ে দেশের শান্তি, সমৃদ্ধি, গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং জাতীয় ঐক্য কামনা করে মহান আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন