প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। এই অভিনেতা আগামী ৫ জুলাই তাঁর দীর্ঘ দিনের প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে যাচ্ছেন।
তবে আমির খানের এই বিয়ের আয়োজনটি তারকাদের জমকালো অনুষ্ঠানের মতো নয়, বরং এটি হবে পরিবারের সদস্য ও হাতে গোনা কয়েকজন ঘনিষ্ঠ মানুষের উপস্থিতিতে। সম্প্রতি আমির খান এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তাঁদের বিয়ে হবে একেবারে ব্যক্তিগত পরিসরে। এটি হবে একটি নিবন্ধিত (রেজিস্টার্ড) বিয়ে এবং এটি তাঁর নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শুধুমাত্র দুই পরিবারের সদস্য এবং কিছু ঘনিষ্ঠ বন্ধু।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে আমির বলেছেন, ‘আমরা দুজনই বিষয়টিকে খুব সাধারণ রাখতে চাই। তাই বাড়িতেই ছোট পরিসরে রেজিস্টার্ড ম্যারেজ হবে।’
গত মার্চে, আমির প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে গৌরী স্প্র্যাটকে পরিচয় করিয়েছিলেন তাঁর ৬০তম জন্মদিন উপলক্ষে। সেখানেই তিনি তাঁদের সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেন।
পরে আরেক সাক্ষাৎকারে, আমির জানান যে তাঁরা সম্পর্ককে নতুন পর্যায়ে নিয়ে যেতে প্রস্তুত। এই প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘আমরা একে অপরের প্রতি খুবই প্রতিশ্রুতিবদ্ধ। আমার হৃদয়ে আমি অনেক আগেই তাঁকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছি।’
গৌরী স্প্র্যাট, যিনি বেঙ্গালুরুভিত্তিক একজন পেশাজীবী, ওয়েলনেস, বিউটি ও লাইফস্টাইল খাতে কাজ করেন। তিনি ব্রিটিশ বংশোদ্ভূত ভারতীয় স্বাধীনতা আন্দোলনের চিন্তাবিদ ফিলিপ স্প্র্যাটের নাতনি। গৌরীর আগের একটি বিয়ে থেকে তাঁর কাছে এক ছেলে রয়েছে। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে তাঁদের সম্পর্ক নতুন মোড় নেয় এবং এক বছরেরও বেশি সময় ধরে তাঁরা একত্রে বসবাস করছেন।
এটি আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে তিনি রীনা দত্তের সঙ্গে সংসার করেছেন, যেখানে জন্ম নিয়েছে ছেলে জুনাইদ খান এবং মেয়ে ইরা খান। পরবর্তীতে, তিনি চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন, তাঁদের একমাত্র ছেলে আজাদ রাও খান। বিচ্ছেদের পরেও কিরণ ও আমির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন এবং সন্তানের দায়িত্ব যৌথভাবে পালন করছেন।
এদিকে, ব্যক্তিগত জীবনের ব্যস্ততার কারণে আমির আপাতত অভিনয়ের কাজ থেকে কিছুটা বিরত রয়েছেন। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন যে পরিচালক রাজকুমার হিরানির বহুল আলোচিত ‘থ্রি ইডিয়টস’-এর সম্ভাব্য সিক্যুয়ালে আবারও ফিরতে পারেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন