প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রে হাম দ্রুত ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে নিউইয়র্ক অঙ্গরাজ্যে দুর্যোগকালীন জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। চলতি বছরের ৩ অক্টোবর পর্যন্ত অঙ্গরাজ্যটিতে ১০৮ জনের হাম শনাক্ত হয়েছে। সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে আরও স্বাস্থ্যকর্মীকে হাম, মাম্পস ও রুবেলার (এমএমআর) টিকা দেওয়ার অনুমতি প্রদান করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) নিউইয়র্কের গভর্নর ক্যাথি হকুল এই জরুরি অবস্থা ঘোষণা করেন। এটি ৪ নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। এই জরুরি অবস্থার আওতায় নিবন্ধিত নার্সরা সন্দেহভাজন হাম রোগীর পরীক্ষার নির্দেশ দিতে পারবেন এবং ফার্মাসিস্টরা দুই বছর বয়সী শিশুদেরও এমএমআর টিকা দিতে পারবেন।
নিউইয়র্কে শনাক্ত ১০৮ রোগীর মধ্যে সাতজন নিউইয়র্ক সিটির বাসিন্দা। বাকি ১০১ জন অঙ্গরাজ্যের অন্যান্য এলাকার বাসিন্দা। ১৫ জুলাইয়ের পর ৯২ জনের হাম শনাক্ত হয়েছে। এসব রোগী অঙ্গরাজ্যের ১৮টি গ্রামীণ এলাকায় অবস্থান করছে, যেখানে টিকাদানের হার তুলনামূলকভাবে কম। হকুল বলেন, "টিকা দিয়ে প্রতিরোধ করা সম্ভব এমন রোগে কারও গুরুতর অসুস্থ হওয়া বা মারা যাওয়া উচিত নয়।"
নিউইয়র্কের পাশের অঙ্গরাজ্য পেনসিলভানিয়াতেও হামের বড় ধরনের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সোমবার পর্যন্ত সেখানে ১ হাজার ৪টি সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং পাঁচজনের মৃত্যু হয়েছে। এটি তিন দশকের বেশি সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্যে হামের সবচেয়ে বড় প্রাদুর্ভাব হিসেবে চিহ্নিত হয়েছে।
টেক্সাস, ইউটা, ওহাইও ও সাউথ ক্যারোলাইনাতেও হাম ছড়িয়েছে। ১ অক্টোবর পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৩ হাজার ৮৮৭টি হাম শনাক্ত হয়েছে, যা ১৯৯১ সালের পর দেশটিতে হামের সবচেয়ে খারাপ পরিস্থিতি।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, টিকাদানের হার ৯৫ শতাংশের নিচে নেমে গেলে হাম ছড়িয়ে পড়ার ঝুঁকি বৃদ্ধি পায়। ২০০০ সালে যুক্তরাষ্ট্রে স্থানীয়ভাবে হামের সংক্রমণ নির্মূল করা হয়েছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে টিকাদানের হার কমে যাওয়ার কারণে রোগটি আবার ছড়িয়ে পড়ছে।
নভেম্বরে আন্তর্জাতিক স্বাস্থ্য কর্মকর্তারা বৈঠকে বসবেন। সেখানে যুক্তরাষ্ট্র ও মেক্সিকো হামের সংক্রমণমুক্ত দেশের মর্যাদা ধরে রাখতে পারবে কি না, তা পর্যালোচনা করা হবে। তথ্যসূত্র: আল-জাজিরা, রয়টার্স, এপি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন