প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশের কারাগারগুলোতে ধারণক্ষমতা নিয়ে উদ্বেগজনক পরিস্থিতি বিরাজ করছে। ৪৫ হাজারের কিছু বেশি ধারণক্ষমতা থাকা সত্ত্বেও সেখানে বন্দির সংখ্যা প্রায় ১ লাখ সাড়ে ১৭ হাজার। এর মানে হলো, প্রতি ১০০ জনের জায়গায় গাদাগাদি করে থাকতে হচ্ছে প্রায় ২৬০ জনকে। এই অবস্থায়, বন্দিরা মেঝেতে, একসঙ্গে কয়েকজন মিলে থাকতে বাধ্য হচ্ছেন। এর ফলে স্বাভাবিক ঘুম, চলাফেরা ও বিশ্রাম ব্যাহত হচ্ছে। পর্যাপ্ত আলো-বাতাস, স্যানিটেশন এবং স্বাস্থ্যসম্মত পরিবেশের অভাবে নানা রোগের ঝুঁকি বাড়ছে।
কারা অধিদপ্তরের ২৭ নভেম্বরের তথ্য অনুযায়ী, দেশের ৭৫টি কারাগারের মোট ধারণক্ষমতা ৪৫ হাজার ১৮৬ জন। কিন্তু ২৬ নভেম্বর পর্যন্ত এসব কারাগারে বন্দি ছিলেন ১ লাখ ১৭ হাজার ৫৩৫ জন। ধারণক্ষমতার অতিরিক্ত বন্দির সংখ্যা ৭২ হাজার ৩৪৯। বন্দিদের মধ্যে পুরুষ ১ লাখ ১৩ হাজার ৫৪৮ জন এবং নারী ৩ হাজার ৯৮৭ জন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দির সংখ্যা ২ হাজার ৫২৩ এবং ডিভিশনপ্রাপ্ত বন্দির সংখ্যা প্রায় ১৫০।
তথ্য অনুসারে, আবাসন সংকটের পাশাপাশি চিকিৎসক, চিকিৎসাসামগ্রী এবং জরুরি পরিবহনের অভাবও প্রকট। ৭৫টি কারাগারের জন্য চিকিৎসকের অনুমোদিত পদ ১৬২টি থাকলেও স্বাস্থ্য অধিদপ্তর থেকে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র দুজন। অসুস্থ বন্দিদের হাসপাতালে নেওয়ার জন্য ৫৩টি কারাগারে কোনো অ্যাম্বুলেন্স নেই। ফলে জরুরি চিকিৎসা পেতে বিলম্ব হচ্ছে এবং বন্দিমৃত্যুর আশঙ্কা বাড়ছে।
অতিরিক্ত বন্দির চাপের একটি প্রধান কারণ বিচারাধীন মামলার দীর্ঘসূত্রতা। ওয়ার্ল্ড প্রিজন ব্রিফের ২০২৬ সালের ১ অক্টোবরের তথ্য অনুযায়ী, বাংলাদেশের কারাগারে বন্দিদের ৬৭ দশমিক ৪ শতাংশই বিচারাধীন। অর্থাৎ বিপুলসংখ্যক মানুষ এখনও আদালতে অপরাধ প্রমাণিত হওয়ার অপেক্ষায় কারাগারে রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক মামলায় গ্রেপ্তারের সংখ্যা বেড়ে যাওয়ায় বন্দির চাপ আরো বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন গড়ে প্রায় ১ হাজার ৮০০ জন বন্দি জামিনে মুক্তি পেলেও নতুন করে ২ হাজার ১০০ জনের বেশি মানুষ কারাগারে প্রবেশ করছেন। ফলে মুক্তির তুলনায় নতুন বন্দির সংখ্যা বেশি হওয়ায় সংকট আরো ঘনীভূত হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কারারক্ষী জানান, বিধি অনুযায়ী যতসংখ্যক বন্দি থাকার কথা, বাস্তবে তার কয়েক গুণ বেশি মানুষকে রাখতে হচ্ছে। কারারক্ষীর সংখ্যাও প্রয়োজনের তুলনায় কম। ফলে বন্দি ব্যবস্থাপনা ও কারাগারের শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে।
বন্দিদের চিকিৎসাসেবার চিত্র আরো উদ্বেগজনক। দেশের ৭৫টি কারাগারের জন্য চিকিৎসকের অনুমোদিত পদ ১৬২টি। তবে স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রেষণে কর্মরত চিকিৎসক রয়েছেন মাত্র দুজন। বিভিন্ন কারাগারে সাময়িকভাবে ৯৭ জন চিকিৎসক সংযুক্ত থাকলেও তাঁরা এক থেকে দুই ঘণ্টা বহির্বিভাগে চিকিৎসা দিয়ে চলে যান। অন্যদিকে, ৫৩টি কারাগারে অসুস্থ বন্দিদের হাসপাতালে নেওয়ার জন্য কোনো অ্যাম্বুলেন্স নেই। অনেক ক্ষেত্রে পিকআপভ্যান, রিকশা, সিএনজি কিংবা ভাড়ায় চালিত অটোরিকশায় করে অসুস্থ বন্দিদের হাসপাতালে পাঠাতে হয়। জরুরি মুহূর্তে পরিবহনের ব্যবস্থা করতে গিয়ে সময়ক্ষেপণ হলে রোগীর জীবনঝুঁকি বাড়ে।
কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত দেশের কারাগারগুলোতে ১ হাজার ৪১৩ জন বন্দির মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে অন্তত ৩০০ জন কারাগার থেকে হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন।
এদিকে, দেশের বিভিন্ন এলাকার কারাগারগুলোতে ধারণক্ষমতার চেয়ে কয়েকগুণ বন্দি রাখতে কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছে। নরসিংদী জেলা কারাগারের জেল সুপার তারেক কামাল কালের কণ্ঠকে জানান, এই কারাগারে ৩৪৪ জনের মতো ধারণক্ষমতা থাকলেও ১১২০ জন বন্দি রয়েছে। মাঝে মাঝে চাপ বেড়ে গেলে পার্শ্ববর্তী জেলা কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠিয়ে চাপ কমানো হয়।
ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) খোঁজ নিয়ে জানা যায়, গতকাল শনিবার পর্যন্ত ৪ হাজার ৫৯০ জন ধারণক্ষমতার এই কারাগারে বন্দি রয়েছে ১৪ হাজার ৭০০ জন। এতে করে ধারণক্ষমতার কয়েকগুণ বন্দি চাপ সামাল দিতে কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছে।
কারাগারটির সিনিয়র জেল সুপার ফারুক আহমেদ কালের কণ্ঠকে জানান, আমরা কাশিমপুরসহ বিভিন্ন কারাগারের পাঠিয়ে চাপ কিছুটা কমিয়েছি। যদিও অন্যান্য কারাগারেও একই অবস্থা। তবে, আমাদের আইজিপি (কারা মহাপরিদর্শক) স্যারের নির্দেশনায় সর্বোচ্চ চেষ্টা করে চাপ সামলাচ্ছি।
কারা অধিদপ্তরের একজন কর্মকর্তা জানান, অতিরিক্ত বন্দির চাপ সামাল দিতে পুরোনো কারাগার সম্প্রসারণের পাশাপাশি নতুন কারাগার নির্মাণের বিষয়টি বিবেচনাধীন রয়েছে। একইসঙ্গে বাড়তি চাপ সামাল দিতে কিছুদিন আগে প্রায় ৫০০ জন কারারক্ষী নিয়োগ দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের মতে, বন্দির সংখ্যা যেভাবে বাড়ছে, সেই অনুপাতে কারাগারের অবকাঠামো, চিকিৎসা সক্ষমতা ও জনবল বাড়ানো না গেলে সংকট আরো ভয়াবহ হয়ে উঠবে।
মানবাধিকারকর্মীদের মতে, কারাগারের ধারণক্ষমতার তুলনায় অতিরিক্ত বন্দি থাকা কেবল ব্যবস্থাপনাগত সমস্যা নয়, এটি একটি মানবাধিকার ও জনস্বাস্থ্যসংক্রান্ত উদ্বেগ। এরকম পরিস্থিতিতে অতিরিক্ত বন্দির চাপে একজন বন্দির ন্যূনতম ব্যক্তিগত পরিসর, পর্যাপ্ত আলো-বাতাস, স্বাস্থ্যসম্মত পরিবেশ, বিশ্রাম ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাওয়ার অধিকার ব্যাহত হতে পারে।
মানবাধিকারকর্মী আবু আহমেদ ফয়জুল কবির কালের কণ্ঠকে বলেন, আমাদের মনে রাখতে হবে, কারাগারে আটক থাকার অর্থ একজন ব্যক্তির স্বাধীনতা সীমিত হওয়া; তাঁর মানবিক মর্যাদা ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত হওয়া নয়। বিশেষ করে বিচারাধীন বন্দিদের দীর্ঘদিন কারাগারে আটক থাকা এবং বিচারপ্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা এ পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে।
তিনি আরো বলেন, এ পরিস্থিতি মোকাবেলায় কারাগারের ধারণক্ষমতা ও সুযোগ-সুবিধা বাড়ানোর পাশাপাশি বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করা, জামিনযোগ্য অপরাধে জামিন নিশ্চিত করা এবং অপ্রয়োজনীয় কারাবাস কমাতে বিকল্প ব্যবস্থার কার্যকর প্রয়োগ নিয়ে ভাবা যেতে পারে। কারাগারকে কেবল আটক বা শাস্তি প্রদানের স্থান হিসেবে নয়, সংশোধন ও পুনর্বাসনের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে রাষ্ট্রকে কার্যকর উদ্যোগ নিতে হবে। সর্বোপরি, প্রত্যেক বন্দির মানবিক মর্যাদা ও মৌলিক অধিকার সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন