প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশের গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে সমবায় আন্দোলনকে আধুনিক ও জনবান্ধব রূপ দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ সেলিম ফকির, এনডিসি। চলতি বছরের ২৪ মার্চ দায়িত্ব গ্রহণের পর থেকেই তাঁর দূরদর্শী নেতৃত্ব, প্রশাসনিক দক্ষতা এবং সরেজমিন তদারকির ফলে সমবায় অধিদপ্তরের নিবন্ধন ও ব্যবস্থাপনা কার্যক্রমে নতুন গতির সঞ্চার হয়েছে।
তৃণমূলে সরেজমিন তদারকি ও নারীর ক্ষমতায়ন
দায়িত্ব গ্রহণের পর থেকেই কেবল দাপ্তরিক নথিপত্রে সীমাবদ্ধ না থেকে সরাসরি মাঠ পর্যায়ে সমবায় সমিতিগুলোর কার্যক্রম পরিদর্শনে গুরুত্ব দিচ্ছেন মোঃ সেলিম ফকির। সম্প্রতি তিনি রাজশাহীর পবা উপজেলার বড়গাছি মহিলা সমবায় সমিতি এবং ঢাকার মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটির মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো সরেজমিনে পরিদর্শন করেন। মাঠ পর্যায়ে তাঁর এই সরাসরি উপস্থিতি তৃণমূল সমবায়ীদের যেমন উৎসাহিত করছে, তেমনি সমিতিগুলোর ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করছে। বিশেষ করে নারী সমবায়ীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে তিনি নিবিড়ভাবে কাজ করছেন।
নিবন্ধন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা
সমবায় খাতে জনগণের আস্থা ফিরিয়ে আনতে নিবন্ধন প্রক্রিয়া সহজীকরণ এবং নিয়মিত অডিট নিশ্চিতকরণের ওপর জোর দিয়েছেন তিনি। পাশাপাশি দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় ও ভুঁইফোঁড় সমিতির বিরুদ্ধে কার্যকর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া, জাতীয় সমবায় পুরস্কারের মতো রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের ক্ষেত্রে যেন প্রকৃত ও সফল সমবায়ীরা মূল্যায়িত হন, সে লক্ষ্যে জেলা প্রশাসন ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে নিবিড় সমন্বয় গড়ে তুলেছেন তিনি।
সুস্থ ও তামাকমুক্ত কর্মপরিবেশ
প্রশাসনিক সংস্কারের পাশাপাশি দাপ্তরিক কর্মপরিবেশ উন্নত করতেও অগ্রণী ভূমিকা রাখছেন এই অতিরিক্ত সচিব। সমবায় অধিদপ্তরের সকল কার্যালয়কে তামাকমুক্ত ও স্বাস্থ্যকর কর্মক্ষেত্র হিসেবে গড়ে তুলতে বেসরকারি উন্নয়ন সংস্থা ডরপ (DORP)-এর সাথে যৌথ উদ্যোগে বিশেষ সচেতনতামূলক কর্মসূচি ও তদারকি জোরদার করা হয়েছে।
বর্ণাঢ্য শিক্ষাজীবন ও প্রশাসনিক অভিজ্ঞতা:
বরিশালের উজিরপুর উপজেলার বরাকোঠা গ্রামের কৃতি সন্তান মোঃ সেলিম ফকির শিক্ষাজীবনের প্রতিটি স্তরেই মেধার স্বাক্ষর রেখেছেন। যশোর বোর্ডের অধীনে এসএসসিতে বাণিজ্য বিভাগে ১০ম এবং এইচএসসিতে ৫ম স্থান অর্জনের পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে স্নাতকে (সম্মান) প্রথম শ্রেণিতে ৮ম এবং ফাইন্যান্স বিভাগে স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে ৪র্থ স্থান লাভ করেন। পরবর্তীতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ে দ্বিতীয়বার স্নাতকোত্তর এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে মর্যাদাপূর্ণ এনডিসি (NDC) ডিগ্রি অর্জন করেন।
বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৮তম ব্যাচের এই কর্মকর্তা ১৯৯৯ সালে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন।
দীর্ঘ আড়াই দশকের প্রশাসনিক জীবনে মাঠ প্রশাসন ও বিভিন্ন মন্ত্রণালয়ে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন তিনি। ২০২৪ সালের ২২ এপ্রিল অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পান এবং সমবায় অধিদপ্তরে যোগদানের পূর্বে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
এছাড়া দাপ্তরিক প্রয়োজনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, চীন, ফ্রান্স, জার্মানি ও সুইজারল্যান্ডসহ বহু দেশ ভ্রমণ করে আন্তর্জাতিক উন্নয়ন মডেল সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন।
সংশ্লিষ্টদের প্রত্যাশা
সংশ্লিষ্ট মহলের মতে, ফাইন্যান্স ও ব্যাংকিং বিষয়ে উচ্চতর একাডেমিক জ্ঞান এবং মাঠ প্রশাসনের দীর্ঘ অভিজ্ঞতা মোঃ সেলিম ফকিরকে সমবায় খাতের অর্থনৈতিক ও ব্যবস্থাপনাগত চ্যালেঞ্জ মোকাবিলায় অনন্য করে তুলেছে। তাঁর নেতৃত্বে সমবায় অধিদপ্তরের নিবন্ধন ও তদারকি কার্যক্রম আরও শক্তিশালী হয়ে দেশের দারিদ্র্য বিমোচন ও টেকসই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন