প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম বলেছেন, রেলসেবার মান উন্নয়ন নিশ্চিত করতে ধূমপানমুক্ত পরিবেশ একটি অপরিহার্য অনুষঙ্গ। রেলওয়ে প্রাঙ্গণে এই ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। স্টেশন ও ট্রেনে ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করা গেলে এটি যাত্রীদের জন্য আরও নিরাপদ, স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব সেবা প্রদান করার সুযোগ সৃষ্টি করবে। এ বিষয়টি বাংলাদেশ রেলওয়ের মিশন ও ভিশনের সঙ্গেও ঘনিষ্ঠভাবে সম্পর্কিত।
শনিবার, চট্টগ্রামের সিআরবি এলাকায় রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের কার্যালয়ে ধূমপান ও তামাকমুক্ত রেল পরিষেবা নিশ্চিত করার লক্ষ্যে একটি প্রশিক্ষণে তিনি এই কথা বলেছেন। এ প্রশিক্ষণটি রেলপথ মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন বাংলাদেশ রেলওয়েকে তামাকমুক্ত করতে (আইএমবিআরটিএফ) তৃতীয় পর্যায় প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠিত হয়।
সচিব, স্টেশনসহ রেলওয়ের বিভিন্ন স্থাপনা এবং চলন্ত ট্রেনে ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীনের সভাপতিত্বে প্রশিক্ষণে তামাক নিয়ন্ত্রণ আইন, ২০২৬-এর সংশোধনী, রেলওয়ে আইন এবং সংশ্লিষ্ট প্রশাসনিক নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ রেলওয়েকে সম্পূর্ণ ধূমপান ও তামাকমুক্ত রেল পরিষেবায় রূপান্তরের উপর গুরুত্বারোপ করা হয়।
প্রশিক্ষণে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তা, রেলওয়ে হাসপাতাল, রেলওয়ে নিরাপত্তা বাহিনী, রেলওয়ে পুলিশ, বিভিন্ন স্টেশনের কর্মকর্তা-কর্মচারী এবং চলন্ত ট্রেনে দায়িত্ব পালনকারী কর্মচারীদের মধ্যে মোট ২৫ জন অংশ নেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন