প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লার ৯ বছরের শিশু তানজিম সুলতানা ঝুমুরকে ধর্ষণ করে হত্যার একটি বহুল আলোচিত মামলায় মফিজুল ইসলাম মফু নামক এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ মাত্র ১৯ কার্যদিবসে বিচারকাজ সম্পন্ন করে এ রায় ঘোষণা করেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে ট্রাইবুনালের বিচারক মো. ইয়াছিন আরাফাত এ রায় ঘোষণা করেন।
জানা গেছে, ২০২৪ সালের ২৯ এপ্রিল কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের খেয়াইশ গ্রামের সোনালী শিশু বিদ্যানিকেতনের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী তানজিম সুলতানা ঝুমুর (৯) স্কুল থেকে ফেরার পথে নিখোঁজ হয়ে যায়। নির্ধারিত সময়ে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাকে খোঁজার চেষ্টা করতে থাকে। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে খেয়াইশ ঠাকুরবাড়ি এলাকার একটি ধানক্ষেত থেকে ঝুমুরের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মরদেহের সঙ্গে তার স্কুলব্যাগ, স্কুলড্রেস ও জুতা পাওয়া যায়।
নিহত ঝুমুর ছিল খেয়াইশ গ্রামের প্রবাসী জাকির হোসেনের একমাত্র মেয়ে।
জানা যায়, শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনার সময় স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী মফিজুল ইসলাম মফুকে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যেতে দেখেছিলেন। এ ঘটনার পরদিন নিহত শিশুর মা রাজিয়া আক্তার সদর দক্ষিণ উপজেলার খিলপাড়া এলাকার বাসিন্দা মফিজুল ইসলাম মফুকে একমাত্র আসামি করে সদর দক্ষিণ থানায় মামলা করেন।
এই ঘটনার ৩ দিন পর র্যাব চাঁদপুরে অভিযান চালিয়ে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বাসিন্দা আসামি মফিজুল ইসলাম মফুকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর আদালতে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে তিনি শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেন।
রায় ঘোষণার পর নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর বদিউল আলম সুজন বলেন, "মাত্র ১৯ কার্যদিবসে বিচার সম্পন্ন করে আদালত মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন। দ্রুততম সময়ে এ রায় সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন