প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ ও মালয়েশিয়ার পর্যটন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরো জোরদার করতে আলোচনা ফলপ্রসূ হয়েছে। দুই দেশের ফ্লাইটের সংখ্যা এবং ফ্রিকোয়েন্সি বৃদ্ধির পাশাপাশি ভিসা প্রক্রিয়া সহজীকরণ, দক্ষতা উন্নয়ন ও আতিথেয়তা খাতে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে।
মঙ্গলবার মালয়েশিয়ার পুত্রজায়ায় দেশটির পর্যটন, শিল্প ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উপমন্ত্রী চিউ চুন মানের সঙ্গে বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত বৈঠক করেছেন। বৈঠকে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী উপস্থিত ছিলেন।
এই বৈঠকে দুই দেশের পর্যটন খাতে সহযোগিতার নতুন সুযোগ নিয়ে আলোচনা করা হয়েছে। পর্যটকদের জন্য বৈচিত্র্যময় ও আকর্ষণীয় ভ্রমণ অভিজ্ঞতা তৈরির পাশাপাশি পর্যটন শিল্পের উন্নয়নে দুই দেশের অভিজ্ঞতা ও সাফল্যের মডেল বিনিময়ের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।
আলোচনায়, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধির পাশাপাশি ফ্লাইটের সংখ্যা ও চলাচলের ফ্রিকোয়েন্সি বৃদ্ধি নিয়ে আলোচনা গুরুত্বপূর্ণ প্রতিপাদ্য হিসেবে এসেছে। একইসঙ্গে পর্যটকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং ভিসার আগে যাচাই ব্যবস্থার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
বৈঠকে আতিথেয়তা খাতে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের সহায়তা নিয়ে বিষয়টি উঠে আসে। মালয়েশিয়ার পর্যটন ও আতিথেয়তা খাতে দক্ষ জনবলের চাহিদা পূরণে যোগ্য বাংলাদেশি কর্মীদের নিয়োগের সুযোগ বৃদ্ধিতে দুই পক্ষ গুরুত্ব প্রদান করেছে।
এছাড়া পর্যটন উন্নয়ন, জনগণের মধ্যে যোগাযোগ এবং সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরো গভীর করার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে।
বৈঠকে মালয়েশিয়ার পর্যটনবিষয়ক উপ-মহাসচিব চুয়া চুন হোয়া, পর্যটন মালয়েশিয়ার এশিয়া ও আফ্রিকা বিষয়ক আন্তর্জাতিক প্রচার বিভাগের পরিচালক নুওয়াল ফাদিলাহ কু আজমি, দেশটির পর্যটন মন্ত্রণালয় ও পর্যটন মালয়েশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষে ডেপুটি হাইকমিশনার মোছাম্মৎ শাহানারা মনিকা এবং ফার্স্ট সেক্রেটারি (কমার্শিয়াল) প্রণব কুমার ঘোষ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন