প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
তৈরি পোশাক শিল্পের শ্রমিক ও কর্মচারীদের জন্য নতুন নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে সোমবার (২৩ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ড বৈঠকে বসবে। সকাল ১১টা ৩০ মিনিটে রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে স্থগিত হওয়া তৃতীয় সভাটি অনুষ্ঠিত হবে।
গত ১৭ নভেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে নিম্নতম মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজের স্বাক্ষরিত এক নোটিশে সভার বিষয়টি জানানো হয়।
নোটিশে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারা অনুসারে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হবে।
সভায় মালিকপক্ষের প্রতিনিধি পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নিয়ে লিখিত প্রস্তাব জমা দেবেন। একই সঙ্গে শিল্পের সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়ন নিয়ে আলোচনা করা হবে।
সভায় নিরপেক্ষ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার উপস্থিত থাকবেন।
এর আগে গত ১৬ নভেম্বর বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু তা স্থগিত করা হয়।
গত ৯ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেয়। মালিকপক্ষ তখন অভ্যন্তরীণ আলোচনার জন্য সময় চায়। পরে বোর্ড মালিকপক্ষকে চার কার্যদিবস সময় দেয়।
উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরে সর্বশেষ পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। নতুন মজুরি কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন