প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় একটি অভিযোগের ভিত্তিতে মো. কামাল উদ্দিন (৪৪) নামের একজন ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
উল্লেখ্য, ৮০ বছর বয়সী বৃদ্ধা মা ও তার কিশোরী মেয়েকে দীর্ঘদিন ধরে নির্যাতনের অভিযোগ রয়েছে কামালের বিরুদ্ধে।
ব্যাপক তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২ জুলাই) রাতে উপজেলার সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও নয়াদিঘীর পাড় এলাকায় এই দণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত কামাল উদ্দিন মৃত আব্দুল হাকিমের ছেলে। স্থানীয় সূত্র জানায়, তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদক কেনার জন্য এবং মাদকসেবনের কারণে কামাল নিয়মিতভাবে পরিবারের সদস্যদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। ৮০ বছর বয়সী বৃদ্ধা মাকে তিনি মারধর করে মাটিতে ফেলে দেওয়ার ঘটনাও ঘটিয়েছিলেন।
এছাড়া, তার মাতৃহীনা কিশোরী মেয়ের সঙ্গেও তিনি প্রায়ই আপত্তিকর ও অপ্রীতিকর আচরণ করতেন। বাবার এমন আচরণে মেয়েটির স্বাভাবিক জীবনযাপন ও লেখাপড়া মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল বলে জানিয়েছে স্থানীয়রা।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রামদাস মুন্সির হাট পুলিশ তদন্ত কেন্দ্রের সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট কামালের বাড়িতে অভিযান পরিচালনা করেন। এই সময় ভুক্তভোগী বৃদ্ধা মা ও কিশোরী মেয়ে ম্যাজিস্ট্রেটের সামনে দীর্ঘদিনের নির্যাতনের বিবরণ কাঁদতে কাঁদতে তুলে ধরেন।
অভিযানকালে বসতঘরে মাদক সেবনের বিভিন্ন আলামতও উদ্ধার করা হয়েছে।
বাঁশখালীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন, ‘মাদকাসক্ত অবস্থায় বৃদ্ধা মা ও নিজের মেয়ের ওপর অমানবিক নির্যাতন চালানোর অভিযোগের সত্যতা পাওয়ার পর তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।’
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদক, জুয়া ও পারিবারিক সহিংসতার বিরুদ্ধে এরূপ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন