প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্ববিদ্যালয়জীবন শুধু পড়াশোনা কিংবা একাডেমিক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ নয়। সৃজনশীল কাজের মধ্য দিয়েও নিজেদের প্রতিভা ও দক্ষতার পরিচয় দিচ্ছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) একদল শিক্ষার্থী। চলচ্চিত্র নির্মাণ ও সৃজনশীল কাজের প্রতি আগ্রহ থেকে তাঁরা গড়ে তুলেছেন ‘চারমিনার’ নামে একটি প্রোডাকশন হাউস। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের নির্মিত চলচ্চিত্রগুলো দর্শকদের নজর কেড়েছে। সম্প্রতি চারমিনারের ব্যানারে প্রকাশিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শেষ ফ্রেম’ মাত্র দুই দিনে ফেসবুকে প্রায় দুই লাখ ভিউ অর্জন করেছে।
‘শেষ ফ্রেম’-এর আগে চারমিনার নির্মাণ করে ‘ফেরা’ ও ‘দীপান্বিতা’ নামে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এর মধ্যে ‘ফেরা’ ছিল প্রোডাকশন হাউসটির প্রথম চলচ্চিত্র, যা পূজার সময় প্রকাশিত হয়ে দর্শকমহলে বেশ জনপ্রিয়তা পায়। পরবর্তী সময়ে প্রকাশিত ‘দীপান্বিতা’ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। তবে কারিগরি সমস্যার কারণে চলচ্চিত্রটি পরবর্তী সময়ে সরিয়ে নেওয়া হয়। চারমিনারের এক সদস্য জানান, খুব শিগগিরই ‘দীপান্বিতা’ আবারও প্রকাশ করা হবে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগে গড়ে ওঠা চারমিনার প্রোডাকশন হাউস থেকে ভবিষ্যতে বিভিন্ন ধরনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, সিনেমা ও সৃজনশীল ভিডিও নির্মাণের পরিকল্পনা রয়েছে। নিজেদের চিন্তাভাবনা, গল্প ও নির্মাণশৈলীর মাধ্যমে দর্শকদের কাছে ভিন্নধর্মী কাজ উপস্থাপন করাই তাঁদের লক্ষ্য।
সম্প্রতি প্রকাশিত ‘শেষ ফ্রেম’ চলচ্চিত্রটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নীলাদ্র মোহাইমিন। চিত্রগ্রহণ, সম্পাদনা ও রঙের বিন্যাসের কাজ করেছেন মো. আবুল খায়ের জায়েদ। শিল্প নির্দেশনা ও প্রযোজনা ব্যবস্থাপনায় ছিলেন মাসফিকুল হাসান। দলীয় সহযোগিতায় ছিলেন সৌরভ শেখ ও আরফিন সাকিব।
চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাঁদের মধ্যে রয়েছেন ইলমুন ইসলাম আলভী, সাদিয়া সিদ্দিকী নির্যাস, মো. আলিফ সরকার, আরফিন সাকিব, নওশিন তাবাসসুম পুষ্পিতা, সম্পা রায়, আবিদা সুলতানা রাখি, মুবাশশির কায়সার, তাসিবুল হাবিব নিশাদ, আবুবক্কর সিদ্দিক হৃদয় ও মো. রাতুল হাসান। চলচ্চিত্রটির পোস্টার ডিজাইন করেছেন ইউনুস রাতুল।
এ ছাড়া চলচ্চিত্রটির নির্মাণদলে কাজ করেছেন মারুফ জামান রাতুল, হাফিজ আল হিমু, তাসবিন শাকিব, আল শাহরিয়া ও সজল কুমার পরামানিক। বিশেষ সহযোগিতায় ছিলেন সায়মা আফিফা তামান্না ও মুনতাসির পেরভেজ অঙ্কুর। চলচ্চিত্রটিতে ‘চন্দ্রপীঠ’ ব্যান্ডের ‘পুনর্জন্ম’ গানের সংগীত ব্যবহারের স্বত্ব নেওয়া হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী সাদিকুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এমন সৃজনশীল উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। পড়াশোনার পাশাপাশি তাঁরা নিজেদের প্রতিভা ও চিন্তাভাবনাকে চলচ্চিত্রের মাধ্যমে তুলে ধরছেন। বিশেষ করে ‘শেষ ফ্রেম’ দেখে মনে হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যেও ভালো মানের চলচ্চিত্র নির্মাণের সক্ষমতা রয়েছে। এ ধরনের উদ্যোগ ক্যাম্পাসে সাংস্কৃতিক ও সৃজনশীল চর্চাকে আরও এগিয়ে নেবে।”
চারমিনার প্রোডাকশন হাউসের সদস্য ইউনুস রাতুল জানান, নিজেদের আগ্রহ ও সৃজনশীল চিন্তা থেকেই তাঁদের এই যাত্রা শুরু। শুরুতে সীমিত সামর্থ্য নিয়ে কাজ করলেও দলগত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে তাঁরা চলচ্চিত্র নির্মাণ করে যাচ্ছেন। ভবিষ্যতে আরও মানসম্মত ও বৈচিত্র্যপূর্ণ কাজ উপহার দেওয়ার পাশাপাশি ক্যাম্পাসের নতুন প্রতিভাবান শিক্ষার্থীদেরও কাজের সুযোগ করে দিতে চান তাঁরা।
তাঁদের প্রত্যাশা, চারমিনারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে চলচ্চিত্র নির্মাণের আগ্রহ বাড়বে। একই সঙ্গে ক্যাম্পাসের গণ্ডি পেরিয়ে তাঁদের কাজ জাতীয় পর্যায়েও পরিচিতি পাবে
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন