প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছে কৃপেশ রায় (৪০) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের রাজারগাঁও গ্রামসহ এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে অভিযুক্ত কৃপেশ রায়কে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
অভিযুক্ত কৃপেশ রায় রাজারগাঁও গ্রামের শ্রী ক্ষিতীন্দ্র চন্দ্র রায়ের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি বাংলাদেশ পুলিশের সদস্য ছিলেন বলে এলাকায় পরিচিত। তবে তিনি বর্তমানে চাকরিতে আছেন, নাকি অব্যাহতি নিয়েছেন এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় এলাকাবাসী ও মুসল্লিদের দাবি, গত রবিবার (২৫ অক্টোবর) কৃপেশ রায়ের নামে পরিচালিত ‘Kripash Ray’ নামের একটি ফেসবুক আইডি থেকে মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং স্থানীয় মুসল্লিদের মধ্যে ক্ষোভের জন্ম হয়।
তবে অভিযোগ অস্বীকার করে কৃপেশ রায় দাবি করেছেন, পারিবারিক জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে তাঁর চাচাতো ভাই পন্টি রায় তাঁকে ফাঁসানোর উদ্দেশ্যে তাঁর ফেসবুক আইডি ব্যবহার করে অথবা ভুয়া পোস্ট দিয়ে এ ধরনের মন্তব্য করেছেন। এ বিষয়ে আইনি সুরক্ষা চেয়ে সোমবার (২৬ অক্টোবর) সকালে তিনি নিজেই তাহিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানা গেছে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, কৃপেশ রায় দাবি করেছেন, একটি চক্র তাঁকে ফাঁসানোর জন্য এ ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে। এ বিষয়ে তিনি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এ ঘটনাটির সত্যতা যাচাই এবং দায়ী ব্যক্তিকে শনাক্ত করতে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন