প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানে সাড়া দিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তাণ্ডবের পরিপ্রেক্ষিতে আগামীকাল সোমবার তার সঙ্গে বসতে যাচ্ছে। এনসিপির প্রতিনিধি দল সরকার প্রধানের এই আহ্বানকে ইতিবাচক হিসেবে নিয়ে সংলাপে অংশগ্রহণ করবে।
এই সংলাপের মাধ্যমে জাতীয় ঐক্যের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শুরু হতে যাচ্ছে। দুপুরে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকে এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল অংশ নেবে।
জাতীয় সংসদে সর্বশেষ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। এনসিপির সঙ্গে আগামীকাল বৈঠকের মাধ্যমে এই সংলাপ শুরু হবে, এরপর জামায়াতে ইসলামীর অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে।
যুক্তরাজ্য সফরে থাকা নাহিদ ইসলাম আজ রোববার বিকেলে দেশে ফিরবেন। দেশে ফেরার পর প্রতিনিধিদলের অন্য সদস্যদের নাম তার সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে, এনসিপি সূত্রে এ তথ্য জানা গেছে।
এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের অন্যতম সদস্য ও দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার শনিবার দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জানান, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ২৩ নভেম্বর এনসিপির একটি প্রতিনিধিদল তার সঙ্গে সাক্ষাৎ করবে।
বার্তায় উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রীর আমন্ত্রণকে এনসিপি ইতিবাচক হিসেবে নিয়েছে। গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচার জাতীয় ঐক্যের ভিত্তি হতে হবে বলে মনে করে এনসিপি।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা এবং দেশের বিভিন্ন স্থানে সহিংস ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৃহত্তর ঐক্য গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে গত বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিরোধীদলীয় নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়।
শফিকুর রহমান বর্তমানে অস্ট্রেলিয়া সফরে রয়েছেন। তিনি ২৬ নভেম্বর দেশে ফেরার পর ২৭ বা ২৮ নভেম্বর জামায়াতের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠকে বসবেন বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক জামায়াতের এক নেতা বলেন, ‘সব দলকে নিয়ে আলোচনায় বসার ক্ষেত্রে আমাদের বক্তব্য হলো, একটি অভিন্ন ভিত্তি বা রেফারেন্স পয়েন্ট থাকতে হবে। সেই ভিত্তি হবে জুলাই সনদ ও গণভোট। এ বিষয়ে সবাই ইতিবাচক অবস্থান নিলে অন্য বিষয়গুলোর সমাধান সহজ হয়ে যাবে।’
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র বলছে, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে প্রধানমন্ত্রী জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথমে আলাদা আলাদাভাবে বৈঠক করবেন। পরে সর্বদলীয় বৈঠক হতে পারে।
সূত্র জানাচ্ছে, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে এনসিপির সঙ্গে যোগাযোগ করেছেন হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। এনসিপির নেতারা বৈঠকে প্রধানমন্ত্রীকে জানাবেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর যেসব কারণে রাজনৈতিক ঐক্য নষ্ট হয়েছে। এ ছাড়া বিএনপি নেতা-কর্মীরা যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আশ্রয় দিচ্ছে, সে বিষয়গুলোও তুলে ধরবেন। একই সঙ্গে গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়নসহ তাদের পাঁচ দফা দাবির বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন এনসিপির নেতারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন