প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনের ২৬টি ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে বিএনপি একটি ‘সার্চ কমিটি’ গঠন করেছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, জনপ্রিয় এবং গ্রহণযোগ্য প্রার্থী খুঁজে বের করার উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সার্চ কমিটি গঠনের খবর প্রকাশের পর স্থানীয় রাজনীতিতে তৎপরতা বেড়েছে এবং মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে দৌড়ঝাঁপ শুরু হয়েছে।
দলীয় সূত্র জানায়, গঠিত সার্চ কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে তাদের দায়িত্ব শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি ইউনিয়নে দলীয় সমর্থনপ্রত্যাশীদের জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা মাঠপর্যায়ে সমীক্ষার মাধ্যমে যাচাই করা হবে, যা এই কমিটির মূল কাজ। যাচাই-বাছাই শেষে প্রতিটি ইউনিয়ন থেকে সর্বোচ্চ ৩ জন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীর তালিকা তৈরি করে ভোলা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এবং দলের দায়িত্বপ্রাপ্ত শীর্ষ নেতৃত্বের কাছে সুপারিশ আকারে জমা দেওয়া হবে।
ভোলা-৪ আসনের অধীন ৫টি থানা ও উপজেলার জ্যেষ্ঠ দলীয় নেতাদের সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়েছে, যাতে প্রার্থী বাছাইয়ে স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিশ্চিত করা যায়।
কমিটির সদস্য বিন্যাস অনুযায়ী
চরফ্যাশন সদর থানা: মো. মোতাহের হোসেন আলমগীর মালতিয়া, মো. মমিনুল ইসলাম ভুঁটু, সিকদার হুমায়ুন কবির, মো. আহসান উল্লাহ বাহার, মো. সাখাওয়াত হোসেন জোটন, অধ্যক্ষ মহিউদ্দীন বাচ্চু, সাজ্জাদ হোসেন ও আশরাফুর রহমান দীপু।
দুলারহাট থানা: কায়সার আহমেদ কমল, মো. খায়রুল ইসলাম সোহেল, অধ্যাপক মো. রেজাউল করিম, অধ্যাপক গোলাম আকতার মঈন, প্রভাষক মো. নজরুল ইসলাম ও এম কামরুজ্জামান শাহীন।
শশীভূষণ থানা: গোফরান মহাজন, মীর সাহাদাত হোসেন ছায়েদ, মো. শহিদুল ইসলাম প্রিন্স ও হাজী জাহিদুল ইসলাম রাসেল।
দক্ষিণ আইচা থানা: হেলাল উদ্দিন টিপু, কাজী মঞ্জুর হোসেন, আবুল কালাম আজাদ, আশরাফুল ইসলাম ও মো. মোসলে উদ্দিন শিমুল।
মনপুরা উপজেলা: সামস উদ্দিন চৌধুরী, ড. মো. কামাল উদ্দিন ও আব্দুল খালেক সেলিম মোল্লা।
সার্চ কমিটির কার্যক্রমের বিষয়ে চরফ্যাশন সদর অংশের দায়িত্বপ্রাপ্ত নেতা এবং সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া জানান, প্রতিটি ইউনিয়নে সততা, কর্মীবান্ধব ভাবমূর্তি, মাদকমুক্ত পরিচয় এবং বিগত ১৭ বছরে দলের প্রতি নিবেদিত থাকার বিষয়টিকে যোগ্যতার মাপকাঠি হিসেবে বিবেচনা করা হবে। সার্চ কমিটি তিনজনের তালিকা স্থানীয় সংসদ সদস্যের কাছে জমা দেবে এবং তিনি উপজেলা পর্যায়ের নেতাদের সঙ্গে পরামর্শ করে চূড়ান্ত সিদ্ধান্তের সুপারিশ করবেন।
দক্ষিণ আইচা থানা অংশের দায়িত্বপ্রাপ্ত নেতা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং সাবেক সহসভাপতি হেলাল উদ্দিন টিপু বলেন, বিগত দিনে আন্দোলন-সংগ্রামে নিবেদিতদের মধ্য থেকেই ৩ জনের তালিকা তৈরি করে জমা দেওয়া হবে।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা সার্চ কমিটি গঠনের এই প্রক্রিয়াকে সতর্কতার সঙ্গে দেখছেন। তাদের মতে, তৃণমূলের মূল্যায়নের ভিত্তিতে প্রার্থী বাছাই করা গেলে তা অভ্যন্তরীণ সমন্বয় বজায় রাখতে সহায়ক হতে পারে, তবে চূড়ান্ত মনোনয়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা কতটুকু ধরে রাখা সম্ভব হয় তা নির্ভর করবে কমিটির সার্বিক মূল্যায়নের ওপর। নির্ধারিত ১৫ দিনের মধ্যে সার্চ কমিটি কাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করে, সেটির দিকেই নজর স্থানীয় নেতাকর্মীদের।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন