প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির শেয়ারবাজারে অস্থিরতার প্রেক্ষাপটে ভারত এশিয়ায় একটি সুবিধাজনক অবস্থানে উঠে এসেছে। বিদেশি বিনিয়োগকারীরা এআই ও সেমিকন্ডাক্টর খাতে কম নির্ভরশীল হওয়ায় দেশটির শেয়ারবাজারে বিনিয়োগ বৃদ্ধি করছেন।
যুক্তরাষ্ট্রের কঠোর চিপ রপ্তানি নিয়ন্ত্রণ এবং জ্বালানি তেলের দাম কমে আসার প্রভাবও এই পরিস্থিতিতে যুক্ত হয়েছে। সাউথ চায়না মর্নিং পোস্টের খবর অনুযায়ী, ভারতের প্রধান শেয়ারসূচক বিএসই সেনসেক্স গত ৩ নভেম্বর থেকে ৬ দশমিক ৬৫ শতাংশ বেড়েছে। একই সময়ে দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও সিঙ্গাপুরের শেয়ারবাজারে দরপতন ঘটেছে। এআই খাতে অতিরিক্ত বিনিয়োগ এবং ভবিষ্যৎ মুনাফা নিয়ে উদ্বেগের কারণে এসব বাজারে চাপ সৃষ্টি হয়েছে।
বিশ্লেষকদের মতে, এআই ও চিপ খাতের ওপর নির্ভরশীল বাজারগুলো থেকে বিনিয়োগকারীরা অর্থ সরিয়ে নিচ্ছেন। ফলে ভারত ও ইন্দোনেশিয়ার মতো তুলনামূলক কম প্রযুক্তিনির্ভর দেশের শেয়ারবাজারে বিনিয়োগের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে।
ইউনিয়ন ব্যাংকের এশিয়া অঞ্চলের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ কার্লোস ক্যাসানোভা মন্তব্য করেছেন যে, এআই খাতে বিনিয়োগের স্থায়িত্ব নিয়ে উদ্বেগ বাড়লে দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের বাজার থেকে বিনিয়োগকারীরা সরে আসতে পারেন। এর ফলে দুই বছর পর ভারতের শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ ফেরার সুযোগ তৈরি হতে পারে।
এদিকে, যুক্তরাষ্ট্র চীনা প্রতিষ্ঠানগুলোর উন্নত প্রযুক্তির চিপ ও কম্পিউটিং সুবিধা পাওয়ার পথ সীমিত করতে নতুন বিধিনিষেধ আরোপের উদ্যোগ নিয়েছে। সোমবার দেশটির বাণিজ্য বিভাগ এ-সংক্রান্ত নতুন নিয়ম করেছে। গবেষণা প্রতিষ্ঠান ক্যাপিটাল ইকোনমিকস জানিয়েছে, এর প্রভাব দক্ষিণ-পূর্ব এশিয়ার ডেটা সেন্টার খাতের বিনিয়োগেও পড়তে পারে।
ভারতের শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ বৃদ্ধির আরেকটি কারণ হলো জ্বালানি তেলের দাম কমে আসা। ১৬ অক্টোবর প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড তেলের দাম ১১০ ডলারে উঠেছিল।
সোমবার তা কমে ৯২ দশমিক ৪৪ ডলারে নেমে এসেছে। তেলের দাম কমলে আমদানিনির্ভর ভারতের অর্থনীতিতে স্বস্তি আসতে পারে। এতে দেশটির মুদ্রা রুপির ওপর চাপও কমার সম্ভাবনা রয়েছে।
মার্শের এশিয়া অঞ্চলের মাল্টি-অ্যাসেট বিভাগের প্রধান ক্যামেরন সিস্টারম্যান বলেছেন, গত তিন সপ্তাহে ভারতের শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ ফিরেছে। তবে এই প্রবণতা কত দিন স্থায়ী হবে, তা এখনো স্পষ্ট নয়। তার মতে, এআই খাতের প্রবৃদ্ধি হঠাৎ কমে গেলে ভারতের মতো কম প্রযুক্তিনির্ভর বাজার বিনিয়োগকারীদের জন্য ঝুঁকি সামাল দেওয়ার ভালো বিকল্প হতে পারে।
ভারতের শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগের পরিমাণ বেড়েছে। দেশটির সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের প্রকাশিত তথ্য অনুযায়ী, নভেম্বরের এখন পর্যন্ত বিদেশি বিনিয়োগকারীরা ভারতের শেয়ারবাজারে নিট ৯৬১ কোটি ডলারের শেয়ার কিনেছেন। এর মধ্য দিয়ে ২০২০ সালের নভেম্বরে গড়া মাসিক রেকর্ড ছাড়িয়ে গেছে।
শেয়ারবাজারের এই ঊর্ধ্বমুখী প্রবণতা ভারতের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) বাজারেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন। বাজারতথ্য প্রতিষ্ঠান প্রাইম ডেটাবেজের ব্যবস্থাপনা পরিচালক প্রণব হালদিয়া বলেছেন, এআই প্রযুক্তির বিস্তার ভারতের প্রচলিত সফটওয়্যার সেবা খাতের ওপর দীর্ঘমেয়াদে কী প্রভাব ফেলবে, তা নিয়ে উদ্বেগ রয়েছে। তবে আপাতত বাজারের পরিস্থিতি ইতিবাচক।
চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে ভারতের কোম্পানিগুলোর মুনাফা গত চার বছরের মধ্যে সবচেয়ে বেশি হারে বেড়েছে। ভূরাজনৈতিক উত্তেজনা কমা ও তেলের দাম হ্রাসও শেয়ারবাজারকে সহায়তা করছে। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, অক্টোবরে ভারতের কোম্পানিগুলো আইপিওর মাধ্যমে প্রায় ৪৮০ কোটি ডলার সংগ্রহ করেছে। এর মধ্যে টেলিযোগাযোগ প্রতিষ্ঠান জিও প্ল্যাটফর্মস ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের মতো বড় প্রতিষ্ঠানের আইপিও রয়েছে।
প্রণব হালদিয়ার ধারণা, শেয়ারবাজারের ইতিবাচক ধারা অব্যাহত থাকলে আগামী কয়েক মাসে আরো কয়েকটি কোম্পানি আইপিও ছাড়তে পারে। কারণ, বাজারের পরিস্থিতি ভালো থাকলে কোম্পানির উদ্যোক্তারা সাধারণত শেয়ার বিক্রির মাধ্যমে মূলধন সংগ্রহে আগ্রহী হন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন