প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আজ মঙ্গলবার বহুল আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা করা হবে। মামলার নিম্ন আদালতের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের শুনানি মাত্র এক দিনে সম্পন্ন হয়েছে। শুনানি শেষে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য দিন ধার্য করেন।
শুনানি শুরু হয় সকাল ১০টা ৪০ মিনিটে। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ওসমান চৌধুরী ও সৈয়দ ইজাজ কবির। আসামি পক্ষের শুনানি পরিচালনা করেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।
রাষ্ট্রপক্ষ নিম্ন আদালতের মৃত্যুদণ্ড বহাল রাখার পক্ষে যুক্তি উপস্থাপন করেছে। অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, মামলার সাক্ষ্য-প্রমাণ ও আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি বিবেচনায় রাষ্ট্রপক্ষ তাদের যুক্তি আদালতে উপস্থাপন করেছে। তারা আশা করছেন, এ মামলায় ন্যায়বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি হবে।
তিনি আরও জানান, সোহেল রানা ও স্বপ্না খাতুন কারাগার থেকে আপিল করেছেন। তাদের আইনি অধিকার নিশ্চিত করতে রাষ্ট্রের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২৮ ধারা অনুযায়ী, দণ্ডিত ব্যক্তির ৬০ দিনের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে। সেই সুযোগ নিশ্চিত করতেই রাষ্ট্রপক্ষ নির্ধারিত সময়ের মধ্যে আপিল শুনানির উদ্যোগ নেয়নি। এতে কোনো বিলম্ব হয়নি বলেও তিনি জানান।
অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপক্ষের যুক্তি তুলে ধরে বলেন, সোহেল রানা ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে নিজের দায় স্বীকার করেছেন। মামলার ১৬ জন সাক্ষীর সাক্ষ্যও ঘটনার বিবরণ সমর্থন করেছে। সোহেল পালিয়ে যাওয়ার সময় তাকে দেখেছেন এমন একজন সাক্ষীও আদালতে তাকে শনাক্ত করেছেন। স্বপ্না আক্তারের ভূমিকা নিয়েও আদালতে যুক্তি উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ।
তিনি আরও বলেন, রাষ্ট্রপক্ষের লক্ষ্য হচ্ছে প্রকৃত অপরাধীর শাস্তি নিশ্চিত করা, সেইসাথে নিরপরাধ ব্যক্তির দণ্ডিত না হওয়ার বিষয়টিও নিশ্চিত করা। আদালতে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয়েছে। এখন আদালত সাক্ষ্য-প্রমাণ, প্রচলিত আইন ও নজির বিবেচনায় সিদ্ধান্ত নেবেন।
অ্যাটর্নি জেনারেল আশা প্রকাশ করেন, রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি বহাল থাকবে। তিনি মনে করেন, এ ধরনের অপরাধের দ্রুত বিচার ও রায় কার্যকরের মাধ্যমে আইনের শাসনের প্রতি মানুষের আস্থা বৃদ্ধি করা জরুরি। তবে অপরাধ প্রতিরোধে আইনি ব্যবস্থার পাশাপাশি পারিবারিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সচেতনতা গুরুত্বপূর্ণ।
তিনি জানান, প্রধান বিচারপতির উদ্যোগে হাইকোর্টে মৃত্যুদণ্ডের ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে। এ ধরনের ৩৫টি মামলা দ্রুত নিষ্পত্তি হয়েছে। বিশেষ বেঞ্চের কার্যক্রম অব্যাহত রাখা হবে কি না, সে সিদ্ধান্ত প্রধান বিচারপতি নেবেন।
গত ১৯ মে রাজধানীর মিরপুরের পল্লবীতে প্রতিবেশী সোহেল রানার ফ্ল্যাটে ধর্ষণ ও হত্যার শিকার হয় আট বছরের শিশু রামিসা। ঘটনার পর সোহেল পালিয়ে গেলেও পরে তাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। তার স্ত্রী স্বপ্না আক্তারকেও গ্রেপ্তার করে পুলিশ। সোহেল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
তদন্ত শেষে দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। ১ জুন তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। পরদিন এক দিনে রাষ্ট্রপক্ষের ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়। ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল সোহেল রানা ও স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে সোহেলকে ৫ লাখ এবং স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। পরে তাদের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। দুই আসামিও জেল আপিল করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন