প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শেরপুর সদর উপজেলার মানবপাচার মামলার প্রধান আসামি লাভলু মিয়াকে পুলিশ গ্রেফতার করেছে।
সোমবার (১৯ অক্টোবর) রাতে, চরশেরপুর ইউনিয়নের দশকাহনিয়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। মামলার অন্য দুই আসামি এখনও পলাতক রয়েছে। গ্রেফতার হওয়া লাভলু মিয়া (৪৯) ওই এলাকার জয়তুল্লাহর পুত্র।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর সদর উপজেলার পাকুরিয়া ভাটিয়াপাড়া এলাকার সাইফুল ইসলামকে সৌদি আরবে উচ্চ বেতনে চাকরি দেয়ার প্রলোভন দেখান লাভলু মিয়া। এজন্য সাইফুলের পরিবারের কাছ থেকে তিনি ৬ লাখ ৫০ হাজার টাকা গ্রহণ করেন।
সাইফুলকে সৌদি আরবে পাঠানোর পর, প্রতিশ্রুত চাকরি ও বেতন নিয়ে সমস্যা সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে সাইফুলের পরিবার লাভলুর সঙ্গে যোগাযোগ করলে, লাভলু তাদের কাছে আরও ১৬ লাখ টাকা দাবি করেন। সেই টাকা না দেয়ায় লাভলুর সহযোগীরা সাইফুলকে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে বাধা দেন এবং তাকে জিম্মি করে রাখেন।
এ ঘটনায়, ভুক্তভোগী সাইফুল ইসলামের স্ত্রী শাহিনা আক্তার লাভলু মিয়াসহ তিনজনের বিরুদ্ধে শেরপুর আদালতে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করেন। পরে আদালতের নির্দেশে সোমবার রাতে অভিযান চালিয়ে লাভলু মিয়াকে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। মামলার বাকি দুই আসামি এখনও পলাতক রয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, মানবপাচার মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন