প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপাশা ইউনিয়নের আঙ্গারিয়া গ্রামে নিজ শ্রম, ঘাম ও অর্থায়নে গড়ে তোলা আবাসন প্রকল্প ‘সামারা ভিলা’ দখলের উদ্দেশ্যে বর্বরোচিত হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। প্রবাসে অর্জিত অর্থে নির্মিত এই বহুতল ভবনটি জবরদখল করার জন্য মেজো ভাই মিজানুর রহমান স্বপন স্থানীয় ও ভাড়াটে লোকজনকে নিয়ে চরম নৈরাজ্য সৃষ্টি করেছেন। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী ও প্রবাসীর পুরো পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন।
ঘটনার পটভূমি ও আইনি মালিকানা
ভুক্তভোগী ব্যবসায়ী আলহাজ মো. তরিকুল ইসলাম তারেক দীর্ঘদিন ধরে ঢাকায় সফল ব্যবসা পরিচালনা করে আসছেন। ২০১৬ সালে তিনি নিজ অর্থায়নে আঙ্গারিয়া গ্রামে ৪৪ শতাংশ জমি ক্রয় করেন। ভাইদের প্রতি অগাধ ভালোবাসা ও বিশ্বাসের কারণে দলিলে অন্যান্য ভাইদের নামও অন্তর্ভুক্ত করেন। পরবর্তীতে ছোট ভাই আর্থিক সংকটে পড়লে তাঁর অংশটুকুও নিজ খরচে কিনে নেন।
সম্পূর্ণ ব্যক্তিগত ও একক অর্থায়নে ২০২০ সালে ওই জমিতে দ্বিতল ভবন নির্মাণের কাজ শুরু করেন তিনি এবং ২০২৩ সালে এর দ্বিতীয় তলার কাজ সম্পন্ন হয়। নিজ আদরের একমাত্র মেয়ের নামানুসারে বাড়িটির নাম রাখা হয় ‘সামারা ভিলা’ (হোল্ডিং নম্বর: ৩৫৬)। ভবনটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ছোট ভাই আরিফুর রহমান সুমন বর্তমানে স্ত্রী-সন্তান নিয়ে নিচতলায় বসবাস করছেন।
ক্ষমতার অপব্যবহার, চাকরিচ্যুতি ও সালিশি সিদ্ধান্ত অমান্যমেজো ভাই মিজানুর রহমান স্বপন দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন। দেশে ফেরার পর তিনি আলহাজ মো. তরিকুল ইসলামের ব্যবসায়িক প্রতিষ্ঠানে কিছুদিন কর্মরতও ছিলেন। একপর্যায়ে চারিত্রিক অধঃপতনের কারণে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর থেকেই তিনি ঢাকা ও বিভিন্ন স্থানে ভাসমান জীবন কাটিয়ে সুকৌশলে ছোট ভাই সুমনের সাথে যোগাযোগ করে গ্রামে প্রবেশ করেন এবং হীন উদ্দেশ্যে নিচতলায় থাকা শুরু করেন। তাঁর এ ধরনের দুরভিসন্ধি বুঝতে পেরে স্থানীয় পর্যায়ে অভিযোগ জানান মো. তরিকুল ইসলাম।
এর পরিপ্রেক্ষিতে দুর্গাপাশা ইউনিয়নের তৎকালীন ও বর্তমান চেয়ারম্যান, মেম্বার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উভয় পক্ষের দলিল ও সাক্ষ্য-প্রমাণ যাচাই করা হয়। সালিশে মিজানুর রহমানের অংশ সম্পূর্ণ আলাদা করে সীমানা পিলার ও কাঁটাতারের বেড়া দিয়ে নির্দিষ্ট করে দেওয়া হয় এবং মো. তরিকুল ইসলামের একক খরচে নির্মিত বাড়িঘর, পুকুর ও প্রবেশপথ তাঁর অনুপস্থিতিতে ও অননুমতিক্রমে ছোট ভাই আরিফুর রহমানকে বুঝিয়ে দেওয়া হয়।
কিন্তু কিছুদিন পরেই মিজানুর রহমান শালিসী সিদ্ধান্ত অমান্য করে পেশিশক্তির ব্যবহার করেন। তিনি ও তাঁর পরিবারের সকল সদস্য মিলে বাড়ির নামফলক, পিলার ও কাঁটাতারের বেড়া উপড়ে ফেলে পানিতে ফেলে দেন। তাঁদের এই ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য পরবর্তীতে চেয়ারম্যান ও এলাকাবাসীর কাছে তাঁরা ভুল স্বীকার করেন যাহার সমস্ত নথিপত্র এবং দোষ স্বীকার করে ক্ষমা চাওয়ার প্রমাণাদি ইউনিয়ন পরিষদে সংরক্ষিত রয়েছে। এমনকি সালিশে ভুল স্বীকার করলেও তাঁদের উপস্থিতিতেই মিজানুর রহমানের ছেলেসহ পরিবারের অন্যান্য সদস্যরা প্রকাশ্য মো. তরিকুল ইসলামকে হত্যার হুমকি দেন। এসব কথোপকথন ও হুমকির ভিডিও রেকর্ড দুর্গাপাশা ইউনিয়ন পরিষদে সুরক্ষিত আছে।
সম্প্রতি ঘটে যাওয়া হামলা, ভাঙচুর ও লুটপাট
স্থানীয় সালিশ ও প্রশাসনের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে পুরো বাড়িটি আত্মসাৎ করার উদ্দেশ্যে সুপরিকল্পিত হামলা চালান মিজানুর রহমান। বাউফল থেকে শ্বশুরবাড়ির লোকজনকে ও ভাড়াটে সন্ত্রাসী বাহিনী সঙ্গে নিয়ে তিনি আকস্মিক তাণ্ডব চালান। বাড়ির মূল নামফলক ভেঙে পুকুরে ফেলে দেওয়া হয়। সীমানা নির্ধারণের পিলার ও কাঁটাতারের বেড়া তুলে গুঁড়িয়ে দেওয়া হয়।
ভবনের দ্বিতীয় তলার দুটি কক্ষের অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য রক্ষিত প্রায় সাড়ে ৫ লাখ টাকার টাইলস, মূল্যবান বৈদ্যুতিক সরঞ্জাম, এসি, গিজার ও স্যানিটারি সামগ্রীসহ সমস্ত আসবাবপত্র লুট করে নেওয়া হয়।জোরপূর্বক ভবনটির দোতলা দখল করে নেওয়া হয়।
বর্তমান পরিস্থিতি ও পরিবারের আকুতি
বর্তমানে ‘সামারা ভিলা’র তত্ত্বাবধানে থাকা আরিফুর রহমান সুমন ও তাঁর পরিবার চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। প্রতিবাদ করতে গেলে সুমনকেও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানিয়েছেন, বাড়ি দখল ও মালামাল লুটের ঘটনায় লিখিত অভিযোগ পেলে অবিলম্বে তদন্ত সাপেক্ষে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিজ রক্ত ও ঘামে গড়া সম্পত্তি রক্ষার জন্য এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে ভুক্তভোগী পরিবারটি এখন স্থানীয় প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার জরুরি ও দৃষ্টান্তমূলক হস্তক্ষেপ কামনা করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন