প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভোলার চরফ্যাশনে দাম্পত্য কলহের কারণে অনুষ্ঠিত শালিস বৈঠক চলাকালীন হামলা ও বসতঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন।
শনিবার (২৭ জুন) সকাল ১১টার দিকে উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ভূঁইয়া বাড়িতে এই ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুল্লাহপুর এলাকার বাসিন্দা রবিউলের সাথে প্রায় সাত বছর আগে রিয়ার বিয়ে হয়। কিন্তু গত দুই বছর ধরে তাদের দাম্পত্য জীবনে কলহ চলছিল। এই বিরোধ মীমাংসার উদ্দেশ্যে শনিবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে শালিস বৈঠক আয়োজন করা হয়।
রবিউল অভিযোগ করে জানান, শালিস চলাকালে রবিউলের স্ত্রী রিয়ার পক্ষে স্থানীয় ইলিয়াছ, ছলেমান, সুজন, মেহেদী ও আল-আমিন কাজীসহ কয়েকজন যুবক রবিউলের পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। এই সময় তাদের বসতঘরেও ভাঙচুর করা হয়।
রবিউল বলেন, হামলায় তিনি, তাঁর বোনের স্বামী মোহাম্মদ হোসেন, মা রাশেদা বেগম ও বোন সুমাইয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
তবে অভিযোগের বিষয়ে ইলিয়াছ জানান, তারা শালিস দেখতে গিয়েছিলেন। এ সময় রবিউলের পরিবারই উল্টো তাদের ওপর হামলা করে।
বিরোধের মধ্যস্থতাকারী ফজলু মাস্টার বলেন, আমরা উভয় পক্ষের মধ্যে বিরোধ মীমাংসার জন্য শালিস বৈঠকে বসেছিলাম। কিন্তু এ সময় কে বা কারা এসে ঝামেলা সৃষ্টি করেছে। পরে আমরা সেখান থেকে চলে আসি। এরপর কী হয়েছে, তা আমার জানা নেই।
এ বিষয়ে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ ভূঁইয়া জানান, এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন