প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মালদ্বীপে একদিনের ব্যবধানে দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যু ঘটেছে। বাংলাদেশ হাইকমিশন সোমবার (৯ নভেম্বর) রাতে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
নিহতদের মধ্যে রয়েছেন জয়পুরহাটের মো. দুলাল হোসেন (৫০) এবং কিশোরগঞ্জের মো. কামরুল ইসলাম (৫২)।
হাইকমিশন এবং পারিবারিক সূত্রে জানা গেছে, মো. দুলাল হোসেন ৫ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানী মালের একটি হাসপাতালে মারা যান। তিনি জয়পুরহাট সদর উপজেলার জগদীশপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
দুলালের ভাগনে মো. হাফেজুল ইসলাম জানিয়েছেন, প্রায় ১০ বছর আগে তার মামা মালদ্বীপে গিয়েছিলেন এবং বৈধ কাগজপত্র ছাড়াই রাজধানী মালের বিভিন্ন দোকানে কাজ করতেন। ৫ নভেম্বর রাতে খাওয়াদাওয়া শেষে ওয়াশরুম থেকে ফিরে হঠাৎ অসুস্থ বোধ করলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের আর্থিক সহায়তায় দুলাল হোসেনের মরদেহ মঙ্গলবার (১০ নভেম্বর) দেশে পাঠানো হচ্ছে।
অন্যদিকে, নিহত মো. কামরুল ইসলাম কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বাহাদিয়া গ্রামের আব্দুল শহিদের ছেলে।
কামরুল ইসলামের স্ত্রী হোসনে আরা বেগম জানিয়েছেন, কয়েক দিন ধরে তার স্বামী শারীরিক অসুস্থতার কথা বলছিলেন। অবস্থার অবনতি হলে ৬ নভেম্বর সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং ওই দিন বিকেলেই তার মৃত্যুর সংবাদ আসে।
ভারাক্রান্ত কণ্ঠে হোসনে আরা বলেন, "অনেক স্বপ্ন নিয়ে চড়া সুদে ঋণ করে স্বামীকে মালদ্বীপে পাঠিয়েছিলেন। কিন্তু দেশটিতে যাওয়ার মাত্র এক মাসের মাথায় স্বামীকে হারিয়ে দুই সন্তানকে নিয়ে তিনি এখন নিঃস্ব ও দিশেহারা।" শেষবারের মতো স্বামীর মুখটি দেখতে মরদেহ দ্রুত দেশে ফেরত আনতে সরকার ও বাংলাদেশ হাইকমিশনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
কামরুল ইসলামের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে বলে জানিয়েছে হাইকমিশন।
প্রবাসী দুই বাংলাদেশির অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এই ঘটনায় মালদ্বীপে অবস্থানরত সাধারণ প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন