আমতলী উপজেলা পরিষদ কমপ্লেক্সের মধ্যে উপজেলা প্রকৌশলী দপ্তর (এলজিইডি) হিসাব শাখায় দুর্বৃত্ত্বরা কেরোসিন ঢেলে আগুন দিয়েছে। শনিবার দিবাগত গভীর রাতে কোন এক সময় ওই আগুন দেয়ার ঘটনা ঘটে।
এলজিইডি সূত্রে জানা গেছে, আমতলী উপজেলা পরিষদ কমপ্লেক্সের মধ্যে থাকা ওই দপ্তরের হিসাব শাখার পিছনের জানালার লক ভেঙে জানালা খুলে ভিতরে থাকা চেয়ার ও টেবিলের উপর কেরোসিন ছিটিয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্ত্বরা। ভাগ্যক্রমে চেয়ারে থাকা একটি তোয়ালের আংশিক অংশ পুড়ে আগুন নিভে যায়। আর টেবিলে মোটা গ্লাস থাকায় আগুন অন্যাত্র ছড়িয়ে পড়তে পারেনি।
ঘটনার সময় অফিসের নাইটগার্ড ফজলুর রহমান পাশের প্রকৌশলীর রুমে ঘুমিয়ে ছিলো বলে তিনি জানান।
আজ রবিবার সকালে হিসাব শাখার রুম খুলে আগুন দেয়ার বিষয়টি দেখতে পায় ওই নাইটগার্ড ফজলুর রহমান। তখন তিনি হিসাব শাখার দায়িত্বে থাকা মোঃ সাইদুর রহমানসহ কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাদের জানায়।
পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে। ঘটনাস্থল থেকে কেরোসিনের একটি খালি বোতল উদ্ধার করা হয়।
উপজেলা প্রকৌশলী মোঃ ইদ্রিস আলী বলেন, দুর্বৃত্বরা আমার দপ্তরের হিসাব শাখার পিছনের জানালা ভেঙে ভিতরে কেরোসিন ঢেলে আগুন দেয়। তবে ভাগ্যক্রমে আগুন নিভে যাওয়ায় বড় কোন ক্ষয়-ক্ষতি হয়নি। বিষয়টি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে আলামত সংগ্রহ করেছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। কাউকেই ছাড় দেয়া হবে না।
উপজেলা নির্বাহী অফিসার হাসান মোঃ হাফিজুর রহমান বলেন, আগুন দেয়ার বিষয়টি শুনেছি। পূর্বেই প্রতিটি দপ্তরের প্রধানকে ডেকে নিজ নিজ দপ্তরের নিরাপত্তা নিতে বলা হয়েছিলো। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। #