প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বগুড়ার দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতির সময় রিভলভার, দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) রাতের বেলায় উপজেলার চৌমুহনী এলাকার একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের নাম হলো- বগুড়ার কাহালু উপজেলার পুগইল গ্রামের মো. ইমরান হোসেন (৩০), দুপচাঁচিয়া উপজেলার নওদাপাড়া গ্রামের মো. সোহেল (২৮), কাহালু উপজেলার চানপুর গ্রামের মো. রাব্বী হাসান (২১) এবং একই উপজেলার পাঁচপীর নলঘরিয়া গ্রামের মো. হালিম (২০)।
শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ১০টায় বগুড়া পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান।
জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনী এলাকার একটি বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে তারা প্রস্তুতি নিচ্ছিল। এমন গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়েছে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেলে ৮ থেকে ১০ জনের ডাকাত দলটি দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া করে ডাকাত দলের এই চার সদস্যকে গ্রেফতার করে। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়।
এই অভিযানে ডাকাতি কাজে ব্যবহৃত এক রিভলভার, একটি চাইনিজ কুড়াল, একটি কাটার, দুটি বার্মিজ চাকু ও ২টি গামছা উদ্ধার করা হয়েছে। এছাড়া তাদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটও জব্দ করেছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানিয়েছেন, পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপের জন্য একটি বড় ধরনের ডাকাতির ঘটনার হাত থেকে রক্ষা করা সম্ভব হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছে, সম্প্রতি শিবগঞ্জ ও নন্দীগ্রাম থানা এলাকায় ঘটে যাওয়া ডাকাতি ঘটনার সঙ্গে তারা প্রত্যক্ষভাবে যুক্ত রয়েছে।
তিনি আরও জানান, প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পলাতক অন্যান্য ডাকাতদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন