প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নাইজেরিয়ায় গোয়েন্দা এবং নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে অপহৃত ৩০৮ জন নাগরিক উদ্ধার করা হয়েছে। এই তথ্য দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদনে বলা হয়েছে, নাইজেরিয়ার প্রেসিডেন্টের বিশেষ উপদেষ্টা বায়ো ওনানুগা এক বিবৃতির মাধ্যমে জানান, আইনশৃঙ্খলা বাহিনী সফলভাবে নাইজার ও কোয়ারা রাজ্যের বিভিন্ন এলাকা থেকে অপহৃত ৩০৮ জনকে উদ্ধার করেছে। এই ঘটনাকে স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু।
উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ১৬৩ জনকে কোয়ারা রাজ্যের কাইয়ামা এলাকার ওরো সম্প্রদায় থেকে এবং ১৪৫ জনকে নাইজার রাজ্য থেকে অপহরণ করা হয়েছিল, বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, সমন্বিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে নাইজার রাজ্যের নিউ বুসা এলাকার কাইঞ্জি লেক জাতীয় উদ্যানের বনাঞ্চল থেকে অপহৃতদের উদ্ধার করা হয়। এই অভিযান দেশটির জাতীয় সন্ত্রাস দমন কেন্দ্রের নেতৃত্বে পরিচালিত হয় এবং সেনাবাহিনী, পুলিশ ও রাষ্ট্রীয় সেবা বিভাগের সদস্যরা এতে অংশ নেন।
সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, নাইজেরিয়ার যৌথ নিরাপত্তা বাহিনীর এক দিনের অভিযানে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় উদ্ধার অভিযান।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গত ৩ ফেব্রুয়ারি কোয়ারা রাজ্যের কাইয়ামা এলাকায় সশস্ত্র হামলা চালিয়ে বহু বাসিন্দাকে অপহরণ করা হয়েছিল। তাদের উদ্ধারের ঘটনায় প্রেসিডেন্ট, নিরাপত্তা বাহিনী এবং অভিযানে অংশ নেওয়া সকলকে কোয়ারা রাজ্য সরকার অভিনন্দন জানিয়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, মুক্তিপণের জন্য অপহরণ নাইজেরিয়ায় বড় ধরনের নিরাপত্তা সংকট সৃষ্টি করেছে। অপরাধী চক্র, বোকো হারাম-সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠী এবং দস্যুরা নিয়মিত অপহরণের ঘটনা ঘটাচ্ছে। বিশেষ করে যেসব এলাকায় রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা দুর্বল, সেখানে এই সংকট আরও ভয়াবহ হয়ে পড়েছে। স্কুল, গির্জা ও মসজিদের মতো স্থানও হামলার লক্ষ্যবস্তু হচ্ছে।
এর আগে গত ১৮ জানুয়ারি কাদুনা রাজ্যের একটি গ্রামের তিনটি গির্জা থেকে ১৭৭ জনকে অপহরণ করা হয়। এছাড়া গত মাসে দক্ষিণাঞ্চলীয় ওয়ো রাজ্য থেকে মে মাসে অপহৃত অন্তত ৪০ জন শিক্ষার্থী ও শিক্ষককে উদ্ধার করে নিরাপত্তা বাহিনী।
গত জুনে প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু জানান, গত এক বছরে দেশের সেনাবাহিনী ১৩ হাজারের বেশি সন্ত্রাসীকে নিষ্ক্রিয় করেছে। একই সময়ে সেনাবাহিনী বোকো হারামের হাতে অপহৃত ৩৬০ জনকে উদ্ধার করেছে বলেও জানানো হয়।
এক বিবৃতিতে প্রেসিডেন্ট বলেন, এই সফল অভিযান দেশের নিরাপত্তা সংস্থাগুলোর ক্রমবর্ধমান দক্ষতা ও পারস্পরিক সমন্বয়ের একটি প্রমাণ। একই সঙ্গে নাগরিকদের জীবন রক্ষায় নিরাপত্তা বাহিনীর সাহসিকতা ও দৃঢ়তার তিনি প্রশংসা করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন