প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সউদী আরবের লোহিত সাগর উপকূলের ইয়ানবু বন্দরে অপরিশোধিত তেল লোডিং আবার শুরু হয়েছে। ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের কার্যক্রম পুনরায় চালু হওয়ার পর গত সপ্তাহে বন্দরে তেলবাহী জাহাজে তেল তোলার কার্যক্রম শুরু হয়। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য থেকে বৈশ্বিক বাজারে তেল সরবরাহ বৃদ্ধির সম্ভাবনা দেখা দিয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, সউদী রাষ্ট্রীয় তেল কোম্পানি সউদী আরামকো ইয়ানবু বন্দর থেকে অক্টোবরে তেল লোডিংয়ের সময়সূচি গ্রাহকদের জানিয়ে দিয়েছে। গত সপ্তাহের শেষ দিকে ইয়ানবু থেকে একটি তেলবাহী জাহাজে অপরিশোধিত তেল তোলা হয়েছে।
গত ১১ সেপ্টেম্বর ড্রোন হামলার পর ইস্ট-ওয়েস্ট পাইপলাইনটি বন্ধ করে দেওয়া হয়েছিল, যার ফলে ইয়ানবু বন্দর থেকে অপরিশোধিত তেল রপ্তানি বন্ধ হয়ে যায়। সউদী আরব হামলার জন্য ইরাকভিত্তিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করেছিল। পরে ২২ সেপ্টেম্বর পাইপলাইনের কার্যক্রম পুনরায় শুরু হয়।
ইউরোপীয় মহাকাশ সংস্থার উপগ্রহচিত্রে ইয়ানবু ও এর দক্ষিণে অবস্থিত আল-মুয়াজ্জিজ টার্মিনালে তেল লোডিং শুরু হওয়ার চিত্র দেখা গেছে। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ট্যাংকারট্র্যাকার্স জানিয়েছে, ২৭ সেপ্টেম্বরের উপগ্রহচিত্রে ওই দুটি টার্মিনালে প্রায় এক কোটি ব্যারেল অপরিশোধিত তেল লোডিংয়ের চিত্র ধরা পড়েছে। পাশাপাশি পরিশোধিত জ্বালানিও জাহাজে তোলা হয়েছে।
বাণিজ্যসংশ্লিষ্ট দুটি সূত্রের তথ্য অনুযায়ী, গত সপ্তাহ থেকে ইয়ানবু থেকে প্রতিদিন প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল লোড করা হচ্ছে। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলারের হিসাব অনুযায়ী, ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে বর্তমানে প্রতিদিন প্রায় ২৬ লাখ ৫০ হাজার ব্যারেল তেল পরিবহন হচ্ছে।
পাইপলাইনটির দৈনিক সক্ষমতা ৭০ লাখ ব্যারেল। কেপলার জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে তেল পরিবহনের পরিমাণ ৩০ থেকে ৪০ লাখ ব্যারেলে পৌঁছাতে পারে। তবে হামলার আগে প্রতিদিন প্রায় ৫৫ লাখ ব্যারেল যে হারে পরিবহন করা হতো, সেই পর্যায়ে ফিরতে আরও প্রায় এক মাস সময় লাগতে পারে।
ইয়ানবু টার্মিনালে অপরিশোধিত তেলের মজুতও বৃদ্ধি পেতে শুরু করেছে। কেপলারের তথ্য অনুযায়ী, ২২ সেপ্টেম্বর সেখানে মজুত প্রায় ১০ লাখ ব্যারেল বেড়েছে। হামলার পর এটিই ছিল টার্মিনালটিতে প্রথম উল্লেখযোগ্য মজুত বৃদ্ধি।
ইস্ট-ওয়েস্ট পাইপলাইন সউদী আরবের পূর্বাঞ্চলের তেলক্ষেত্রগুলোকে লোহিত সাগরের ইয়ানবু বন্দরের সঙ্গে যুক্ত করেছে। এর মাধ্যমে হরমুজ প্রণালি এড়িয়ে লোহিত সাগর দিয়ে তেল রপ্তানি করা সম্ভব হয়। ফলে আঞ্চলিক সংঘাত ও সরবরাহে বিঘ্নের সময় পাইপলাইনটি সউদী আরবের জন্য গুরুত্বপূর্ণ বিকল্প রপ্তানি পথ হিসেবে কাজ করে।
ইয়ানবুতে তেল লোডিং পুনরায় শুরু হওয়ার পাশাপাশি মিসরের সিদি কেরির টার্মিনাল থেকেও ২২ সেপ্টেম্বর অপরিশোধিত তেল লোডিং শুরু হয়েছে। এসব কার্যক্রম মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ ধীরে ধীরে পুনরুদ্ধারের ইঙ্গিত দিচ্ছে। এর ফলে বৈশ্বিক তেলের দামেও নিম্নমুখী চাপ তৈরি হয়েছে। তথ্যসূত্র: দ্য ডন, রয়টার্স
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন