প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ সিনেটের ৪৩তম বার্ষিক অধিবেশন শুরু হয়েছে। এই অধিবেশনে শিক্ষার্থী প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন, যা দীর্ঘ সাড়ে তিন দশক পর হতে যাচ্ছে।
শনিবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত অধিবেশনে উপাচার্য, সিনেট সদস্য, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা এবং বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) মনোনীত পাঁচজন শিক্ষার্থী প্রতিনিধি উপস্থিত ছিলেন।
১৯৭৩ সালে জাতীয় সংসদে পাস হওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, ১৯৭৩-এর ১৯(১)(ক) ধারা অনুযায়ী সিনেটে পাঁচজন শিক্ষার্থী প্রতিনিধির অন্তর্ভুক্তির বিধান রয়েছে। যদিও আইনগতভাবে আসনগুলো সংরক্ষিত ছিল, কিন্তু তিন দশকেরও বেশি সময় ধরে সেগুলো কার্যত শূন্য ছিল। সম্প্রতি জাকসুর তৃতীয় কার্যনির্বাহী সভায় নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে পাঁচজনকে সিনেট সদস্য হিসেবে মনোনীত করা হলে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদে শিক্ষার্থীদের সাংবিধানিক প্রতিনিধিত্ব পুনঃপ্রতিষ্ঠিত হয়।
তবে ছাত্রত্বসংক্রান্ত জটিলতার কারণে জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু এবং সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম সিনেট অধিবেশনে অংশ নিতে পারেননি। ফলে প্রথমে তিনজন শিক্ষার্থী প্রতিনিধি নিয়েই অধিবেশন শুরুর কথা থাকলেও শেষ মুহূর্তে নাটকীয়তা ও আইনি জটিলতার কারণে নতুন দুই সদস্যকে মনোনয়ন দেওয়া হয়।
অধিবেশন শুরুর প্রায় এক ঘণ্টা আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জাকসুর সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি অনলাইন কার্যনির্বাহী সভায় সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক আহসান লাবিব এবং কার্যনির্বাহী সদস্য মো. আবু তালহাকে সিনেট সদস্য হিসেবে মনোনীত করা হয়। এর ফলে, দুপুর ১২টায় শুরু হওয়া সভা চলে প্রায় ২টা পর্যন্ত।
এ বিষয়ে নিশ্চিত করে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান জানান, জরুরি কার্যনির্বাহী সভায় সিনেট সদস্য হিসেবে জাকসুর সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক আহসান লাবিব এবং কার্যনির্বাহী সদস্য মো. আবু তালহাকে মনোনীত করা হয়েছে।
সিনেটে অন্তর্ভুক্ত পাঁচ শিক্ষার্থী প্রতিনিধি হলেন জাকসুর সহকারী সাধারণ সম্পাদক (পুরুষ) ফেরদৌস আল হাসান, সহকারী সাধারণ সম্পাদক (নারী) আয়েশা সিদ্দিকা মেঘলা, পরিবেশ ও প্রকৃতিবিষয়ক সম্পাদক সাফায়েত মীর, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক আহসান লাবিব এবং কার্যনির্বাহী সদস্য মো. আবু তালহা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন