প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জুলাই-আগস্টের একাধিক মামলার পরোয়ানা মাথায় নিয়ে বহাল তবিয়তে রয়েছেন বরিশাল মহানগরীর ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখর দাস। অভিযোগ উঠেছে, আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় বসে আত্মগোপনে থেকেই তিনি নানা অপকর্মের ছক কষছেন। আত্মগোপনে থাকলেও সেখানে তিনি যাপন করছেন অত্যন্ত বিলাসবহুল জীবন।
স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ঘোষিত কমিটির ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ পাওয়ার পর থেকেই বেপরোয়া হয়ে ওঠেন শেখর দাস। দলীয় ক্ষমতার দাপট দেখিয়ে নগরজুড়ে চাঁদাবাজি ও দখল বাণিজ্য চালিয়ে তিনি গড়ে তোলেন বিপুল অবৈধ সম্পদ।
অভিযোগ রয়েছে, বরিশাল নগরীর ঐতিহ্যবাহী মহসিন মার্কেটের প্রতিটি দোকান থেকে নিয়মিত ভয়ভীতি দেখিয়ে লাখ লাখ টাকা চাঁদা আদায় করতেন তিনি। এমনকি বরিশাল সিটি কর্পোরেশনের সামনের হকারদের কাছ থেকেও তিনি দৈনিক ও মাসিক হারে মোটা অঙ্কের চাঁদা উঠাতেন।
তার বিরুদ্ধে সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগটি ওঠে করোনা মহামারীর মতো সংকটকালে। সারা দেশের মানুষ যখন জীবন ও জীবিকা নিয়ে মারাত্মক আতঙ্কে দিন কাটাচ্ছিল, তখন অসহায় সাধারণ মানুষকে সরকারি অনুদান পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেন এই আওয়ামী লীগ নেতা। সাধারণ মানুষের সেই রক্তচুষা টাকায় তিনি কুয়াকাটায় গড়ে তোলেন বিলাসবহুল হোটেল 'সী গাল'। বর্তমানে পুলিশি গ্রেপ্তার এড়াতে নিজের সেই হোটেল কেন্দ্রিক আস্তানা বানিয়েই বিলাসী জীবনযাপন করছেন তিনি।
অভিযোগের বিষয়ে বিস্তারিত জানতে শেখর দাসের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, "শেখর দাস একাধিক মামলার এজাহারনামীয় আসামি। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। যেকোনো সময় তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।"
অসংখ্য মামলার আসামি হওয়ার পরও তিনি কীভাবে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কুয়াকাটার মতো জনাকীর্ণ স্থানে বিলাসী জীবন কাটাচ্ছেন—তা নিয়ে স্থানীয় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন