প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অস্ট্রেলিয়া ও কানাডায় উচ্চ বেতনের চাকরি ও স্থায়ীভাবে বসবাসের সুযোগ প্রদানের প্রলোভন দেখিয়ে ভুয়া ভিসা, জাল কাগজপত্র এবং ভুয়া ভিসা ভেরিফিকেশন ওয়েবসাইট ব্যবহার করে কোটি কোটি টাকা আত্মসাৎকারী সংঘবদ্ধ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ।
আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলেন- মারিফুল ইসলাম (২১) এবং বাচ্চা বাউ ওরফে হাসিনুর (২৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, মামলার বাদী মো. ছায়েদুল হক অস্ট্রেলিয়ায় চাকরি পাওয়ার আশায় আসামিদের কথায় বিশ্বাস করে একাধিক সময়ে বিকাশের মাধ্যমে মেডিকেল ফি, ভিসা প্রসেসিং ফি, ডকুমেন্ট চার্জসহ বিভিন্ন খাতে ধাপে ধাপে প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা দেন। কিন্তু পরে আরও অর্থ দাবি করা হলেও বিদেশে পাঠানোর কোন কার্যকর ব্যবস্থা না হওয়ায় তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারণার শিকার হয়েছেন এবং পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন।
পরে তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে মঙ্গলবার বিকেলে নীলফামারী জেলার কিশোরগঞ্জ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে মারিফুল ইসলাম ও বাচ্চা বাউ ওরফে হাসিনুরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ১টি ল্যাপটপ, ৭টি মোবাইল ফোন, ১৩টি সিম কার্ড এবং ৯টি বাংলাদেশি ভুয়া পাসপোর্ট জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে কৌশলে দেশের বিভিন্ন জেলার বিদেশগামী চাকরিপ্রত্যাশীদের টার্গেট করে প্রতারণা করে আসছিলেন বলে জানা যায়। গ্রেফতারকৃতদের সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আদালতে প্রেরণ করা হয়েছে। এ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন