প্রিন্ট এর তারিখঃ ২৮শে অক্টোবর, ২০২৬ইং; ০১:১২ পি.এম || প্রকাশের তারিখঃ ৩ই সেপ্টেম্বর, ২০২৬ইং; ০৫:২৬ পি.এম
রাজবাড়ীতে পৃথক স্থান থেকে দুই নারীর মরদেহ উদ্ধার
রাজবাড়ীতে পৃথক স্থান থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়ন থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এর মধ্যে একজনের পরিচয় পাওয়া গেলেও অপরজনের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আইনদ্দীন প্রামাণিক পাড়ায় রফিকুল মৃধার পুকুরপাড়ের আখক্ষেতের পাশে কলাগাছের নিচ থেকে নবীরন বেগমের মরদেহ উদ্ধার করা হয়। তিনি দুলাল বেপারী পাড়ার আব্দুর রহিম শেখের স্ত্রী।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে প্রথমে বলা হয়েছিল, স্ট্রোকজনিত কারণে নবীরন বেগমের মৃত্যু হয়েছে। পরে বিভিন্ন মাধ্যমে জানা যায়, তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। এ কারণে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
অন্যদিকে সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের বড়নুরপুর গ্রামের একটি পুকুরপাড় থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে স্থানীয় গ্রাম পুলিশের কাছ থেকে খবর পেয়ে সদর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, স্থানীয় গ্রাম পুলিশের দেওয়া সংবাদের ভিত্তিতে পুকুরপাড় থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোনো স্থান থেকে ওই নারীকে হত্যা করে এখানে ফেলে রাখা হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।
ওসি আরও জানান, নিহত নারীর পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"